Messi Kolkata Tour
Bengal Liberty: কলকাতায় লিয়োনেল মেসির সেই বিতর্কিত সফর নিয়ে এবার নতুন মোড়। কলকাতার পুলিশ কমিশনারের কাছে একটি বিস্ফোরক চিঠি পাঠাল লিয়োনেলের নিজস্ব ম্যানেজমেন্ট টিম। সেই চিঠিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে উঠল মাঠের মধ্যে নিয়মভঙ্গ এবং অনভিপ্রেত আচরণের গুরুতর অভিযোগ।

চিঠিতে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের পাহাড় (Aroop Biswas)
মেসির টিমের দাবি, সেদিন স্টেডিয়ামের প্রোটোকল ভেঙে মাঠের ভেতর ঢুকে পড়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অভিযোগ, নিয়ম ভেঙে তিনি মেসির সঙ্গে বারবার শারীরিক যোগাযোগের চেষ্টা করেন। এমনকি ছবি তোলার জন্য মেসির কাঁধে ও কোমরে হাত দেওয়ার মতো অস্বস্তিকর আচরণও করেছেন তিনি।
মেসির টিমের অভিযোগ, সেদিন মাঠের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সংরক্ষিত এলাকায় প্রচুর অননুমোদিত ব্যক্তি এবং প্রায় ৪০ জন অস্বীকৃত ফটোগ্রাফার ঢুকে পড়েন। অরূপ বিশ্বাসের প্রোটোকল ভাঙার জেরেই অনুষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হয় এবং নিরাপত্তার খাতিরে মেসিকে মাঝপথেই মাঠ ছাড়তে হয়।

শতদ্রু দত্তকে ক্লিনচিট (Aroop Biswas)
এই গোটা ঘটনার জন্য অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে দায়ী করেনি মেসির টিম। বরং তারা সাফ জানিয়েছে, শতদ্রুর নিয়ন্ত্রণে এই পরিস্থিতি ছিল না। অরূপ বিশ্বাসের স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক ব্যর্থতাকেই তাঁরা দায়ী করেছেন।

আইনি বিপাকে অরূপ বিশ্বাস (Aroop Biswas)
অন্যদিকে, এই মেসি কাণ্ডের জেরে প্রবল আইনি চাপে পড়েছেন অরূপ বিশ্বাস। ইভেন্ট আয়োজক শতদ্রু দত্ত কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া অরূপ বিশ্বাসের ‘রক্ষাকবচ’কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছেন। অরূপের বিরুদ্ধে টিকিটের দুর্নীতির অভিযোগও তুলেছেন শতদ্রু।
প্রাক্তন মন্ত্রী বর্তমানে পুলিশের একের পর এক তলব এড়িয়ে চলছেন। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ আদালত। সব মিলিয়ে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের চারপাশ ক্রমশ সংকুচিত হয়ে আসছে। এখন দেখার, ডিভিশন বেঞ্চের রায়ে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয় প্রশাসন


