Nirmal Ghosh
Bengal Liberty: আরজি করের ‘অভয়া’ কাণ্ডের তদন্তে ফের তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বৃহস্পতিবার নিউটাউনের সিবিআই (CBI) দফতরে হাজিরা দিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।
এই ঘটনার জল অনেক দূর গড়িয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেওয়ার পর থেকেই একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। সম্প্রতি পানিহাটি শ্মশানে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। সেখানে শ্মশানের কর্মী ও ডোমেদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সূত্র ধরেই পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মলের নাম পুনরায় সামনে আসে এবং তাঁকে তলব করা হয়।

তড়িঘড়ি শেষকৃত্যের অভিযোগ (Nirmal Ghosh)
মৃত চিকিৎসকের পরিবারের অভিযোগ, ঘটনার দিন ময়নাতদন্তের পর থেকেই শ্মশানে উপস্থিত ছিলেন নির্মল ঘোষ। শ্মশানে ‘অভয়া’র শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত তিনি সেখানেই ছিলেন এবং তাঁর উদ্যোগেই তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ডেথ সার্টিফিকেটেও ওই বিধায়কের সই রয়েছে বলে জানা গেছে।
এখানেই উঠছে একাধিক প্রশ্ন। পরিবারের পূর্ণ সম্মতি বা মানসিক প্রস্তুতি ছাড়াই কেন এত তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার তৎপরতা দেখালেন নির্মল ঘোষ? সোদপুরের বাড়ি থেকে শ্মশান পর্যন্ত তাঁর এই অতি-সক্রিয়তার নেপথ্যে কার নির্দেশ ছিল, তা নিয়েই এখন তদন্ত করছেন সিবিআই আধিকারিকরা।

পরিবারের ওপর নজরদারির অভিযোগ (Nirmal Ghosh)
মৃতার পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর থেকেই তাঁদের ওপর একপ্রকার নজরদারি চালানো হতো। সংবাদমাধ্যমের সঙ্গে যাতে তাঁরা স্বাধীনভাবে কথা বলতে না পারেন, তার জন্য নানারকম চাপ সৃষ্টি করা হয়েছিল।
আপাতত সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পানিহাটির প্রাক্তন বিধায়ক। দীর্ঘ জেরায় তাঁর থেকে কী কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার।



