West Bengal Assembly Session 2026
Bengal Liberty : পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের সূচনাতেই নতুন বিজেপি সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার স্পষ্ট রূপরেখা তুলে ধরলেন রাজ্যপাল আর এন রবি (West Bengal Assembly Session 2026)। দুর্নীতি দমন, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পাশাপশি কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং শিল্পোন্নয়নের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে নতুন গতি দেওয়ার বার্তা দেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার মানুষ এতদিন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলেও আক্ষেপ প্রকাশ করেন রাজ্যপাল (West Bengal Assembly Session 2026)।

প্রকল্পের রূপরেখা তুলে ধরলেন রাজ্যপাল (West Bengal Assembly Session 2026)
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের সূচনা ভাষণে নতুন সরকারের কাজের অগ্রাধিকার তুলে ধরেন রাজ্যপাল আর এন রবি। রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার বহু সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বিশেষ করে আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, নতুন সরকার রাজ্যের প্রতিটি যোগ্য নাগরিকের কাছে এই সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
শিল্প ও পরিকাঠামো উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন রাজ্যপাল। তাঁর কথায়, পশ্চিমবঙ্গকে আবার দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্যে পরিণত করাই সরকারের লক্ষ্য। সেই উদ্দেশ্যে পূর্ববর্তী সরকারের আমলে অধিগৃহীত হলেও দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা জমিগুলি পুনরুদ্ধার করে নতুন শিল্প স্থাপনের কাজে ব্যবহার করা হবে। এছাড়াও রাজ্যের দীর্ঘ উপকূলরেখাকে কাজে লাগিয়ে উপকূলীয় পরিবহণ ব্যবস্থার সম্প্রসারণ, অন্তঃদেশীয় জলপথ পরিবহণের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।



