Agnimitra Paul
Bengal Liberty:
সাধারণ মানুষের সুবিধার্থে পুর ও নগরোন্নয়ন দফতরের বিশেষ হেল্পলাইন পরিষেবা চালু করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা, অভিযোগ এবং দুর্নীতির তথ্য জানানোর জন্য চালু হয়েছে এই টোল-ফ্রি নম্বর।
এই হেল্পলাইনের মাধ্যমে এলাকায় বেআইনি নির্মাণ, অপরিষ্কার রাস্তা, নিকাশি সমস্যা, জল জমে থাকা কিংবা পুরসভা-সংক্রান্ত অন্যান্য পরিষেবার বিষয়ে অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিষেবাটি চালু থাকবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।

সমস্যার কথা জানাবেন সাধারণ মানুষ Agnimitra Pal
সম্প্রতি ভারী বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে নাগরিকদের সহায়তার জন্য একটি কন্ট্রোল রুমও চালু করা হয়েছিল। এবার স্থায়ীভাবে নাগরিক সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে এই হেল্পলাইন পরিষেবা চালু করা হল।

একটি ভিডিও বার্তায় অগ্নিমিত্রা পাল বলেন, “কলকাতা এবং অন্যান্য পুর এলাকার সাধারণ মানুষের সুবিধার জন্য এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আমাদের দফতরের সঙ্গে সম্পর্কিত যে কোনও সমস্যা, অভিযোগ বা পরামর্শ এই নম্বরে ফোন করে জানানো যাবে। বৃষ্টির কারণে জল জমে থাকা থেকে শুরু করে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ—সব ধরনের বিষয়েই নাগরিকরা যোগাযোগ করতে পারবেন।”
হেল্পলাইন নম্বর: ১৮০০-৩৪৫-০৯৩৮
পুর ও নগরোন্নয়ন দফতরের দাবি, এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সমস্যা সমাধানের প্রক্রিয়াও আরও গতিশীল হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নাগরিক পরিষেবা উন্নত করতে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য উপকারী হতে পারে।


