North Bengal Flood
Bengal Liberty: টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি নদীর জলস্ফীতিতে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ছবি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত প্রবল বর্ষণে বালাসন নদীর তোড়ে কার্শিয়াংয়ের দুধিয়ায় নির্মিত অস্থায়ী সেতুটি সম্পূর্ণ ভেসে গেছে। এর ফলে শিলিগুড়ি থেকে মিরিক এবং দার্জিলিংয়ের সরাসরি সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পরিবহন ব্যবস্থার রদবদল (North Bengal Flood)
পরিস্থিতি সামাল দিতে শুক্রবার বিকেলে দার্জিলিং জেলা প্রশাসন একটি জরুরি নির্দেশিকা জারি করেছে।জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে মিরিক ও শিলিগুড়ির মধ্যে গাড়ি চলাচলের জন্য বিকল্প রুট ঘোষণা করা হয়েছে। মিরিক থেকে শিলিগুড়িগামী গাড়িগুলি সুখিয়াপোখরি, ঘুম ও কার্শিয়াং হয়ে যাবে, আর শিলিগুড়ি থেকে মিরিকগামী গাড়িগুলি শুকনা টিসিপি মোড় হয়ে রোহিনী মোড়, কার্শিয়াং ও ঘুম দিয়ে যাবে। কার্শিয়াং থেকে শিলিগুড়ির গাড়িগুলিকে পাঙখাবাড়ি রোড ধরে গাড়িধুরা হয়ে এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং বা কার্শিয়াংগামী গাড়িগুলিকে শুকনা টিসিপি মোড় থেকে রোহিনী মোড় হয়ে যেতে হবে। এছাড়া মিরিক, দার্জিলিং ও কার্শিয়াং থেকে আসা পণ্যবাহী গাড়িগুলিকে কার্শিয়াং জিরো পয়েন্ট থেকে রোহিনী রোড হয়ে যাতায়াত করতে বলা হয়েছে।

অন্যান্য পরিষেবা ও সতর্কতা (North Bengal Flood)
১১০ নম্বর জাতীয় সড়কের একাধিক স্থানে ধস এবং গাছ পড়ে যাওয়ায় দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ বন্ধ রয়েছে এবং নিরাপত্তার কারণে শুকনা টিসিপি মোড় থেকে কার্শিয়াং পর্যন্ত এই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া লাইনের সুরক্ষার স্বার্থে দার্জিলিং-শিলিগুড়ি হেরিটেজ টয়ট্রেন পরিষেবা আপাতত স্থগিত রাখা হয়েছে এবং পর্যটকদের জন্য পর্যটন দফতরের বিশেষ হেল্পলাইন নম্বর ১৮০০-২১২১-৬৫৫ চালু করা হয়েছে।

নতুন সেতুর ঘোষণা (North Bengal Flood)
পরিস্থিতি মোকাবিলায় পূর্ত দফতর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজে নেমেছে এবং প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে একটি স্থায়ী সেতু নির্মাণের কাজ ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পাহাড়ের বাসিন্দাদের ও পর্যটকদের নদী বা ধস প্রবণ এলাকা এড়িয়ে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।


