North Bengal Flood
Bengal Liberty: টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি নদীর জলস্ফীতিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে বালাসন নদীর প্রবল স্রোতে ভেঙে পড়েছে কার্শিয়াংয়ের দুধিয়ায় নির্মিত অস্থায়ী সেতুটি। এর ফলে শিলিগুড়ির সঙ্গে মিরিকের সরাসরি সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দুর্দশার কেন্দ্রবিন্দু (North Bengal Flood)
গত বছরের অক্টোবরে বন্যায় দুধিয়ার মূল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রশাসনের উদ্যোগে হিউম পাইপ দিয়ে এই অস্থায়ী সেতুটি তৈরি করা হয়েছিল। কিন্তু প্রবল বর্ষণে বালাসনের জলের তোড় এই অস্থায়ী কাঠামো ধরে রাখতে পারেনি। এর জেরে মিরিকগামী পর্যটক ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির মুখে পড়েছেন। বর্তমানে সুখিয়াপোখরি হয়ে দীর্ঘ ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।

সড়ক ও রেল পরিষেবা ব্যাহত (North Bengal Flood)
শুধু দুধিয়াই নয়, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত।১১০ নম্বর জাতীয় সড়ক এর একাধিক স্থানে ধস এবং গাছ পড়ে যাওয়ায় দার্জিলিং-শিলিগুড়ি সড়ক যোগাযোগ বন্ধ। লাইনের সুরক্ষার স্বার্থে দার্জিলিং-শিলিগুড়ি হেরিটেজ টয়ট্রেন পরিষেবা আপাতত স্থগিত রাখা হয়েছে।
শিলিগুড়ি ও পাহাড়ের নদীগুলির ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে প্রশাসন। পর্যটকদের জন্য বিশেষ হেল্পলাইন (১৮০০-২১২১-৬৫৫) চালু করেছে পর্যটন দফতর।

নতুন সেতুর ঘোষণা (North Bengal Flood)
পরিস্থিতি মোকাবিলায় পূর্ত দফতর দ্রুত মেরামতির কাজে নেমেছে। রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নতুন একটি স্থায়ী সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই স্থায়ী সেতু নির্মাণের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই প্রশাসন পাহাড়ের সাধারণ মানুষ ও পর্যটকদের নদী বা ধস প্রবণ এলাকা এড়িয়ে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে।


