PM Narendra Modi
Bengal Liberty : পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে শনিবার রাজ্যে এসে একাধিক রাজনৈতিক ও ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তারকেশ্বরের জনসভা থেকে তিনি দাবি করেন, “পরাধীনতার শিকলমুক্ত হয়েছে বাংলা, পশ্চিমবঙ্গ আজ স্বাধীন।” ১৫ বছরের তৃণমূল রাজত্বকে পরাধীনতার সঙ্গে তুলনা করে মোদি নিজের বক্তব্যে তুলে ধরেছেন বাংলা নিয়ে তাঁর উদ্বেগ। পশ্চিমবঙ্গে বিজেপির জয় কতটা জরুরি ছিল, তা বোঝাতে পুরো বাংলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার চক্রান্ত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তারকেশ্বরের সুবিশাল সভামঞ্চে তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার প্রাচীন শিল্পকলা ডোকরার তৈরি একটি অপরূপ দুর্গামূর্তি এবং বাবা তারকনাথের পবিত্র ছবি তুলে দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিনি। বিপুল জনসমুদ্রের উচ্ছ্বাসের মাঝে, মঞ্চে দাঁড়িয়েই ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে এক নতুন বাংলার আত্মপ্রকাশের বার্তা দেন মোদি। তার সাথেই পূর্বতন সরকারের একাধিক দুর্নীতির ও কালো দিনের হিসেব দিলেন তিনি (PM Narendra Modi)।

পরাধীনতার শিকলমুক্ত স্বাধীন বাংলা, বললেন মোদি (PM Narendra Modi )
এদিনের সভামঞ্চ থেকে সরাসরি অতীতের বঞ্চনা এবং বর্তমানের মুক্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন, “পরাধীনতার শিকলমুক্ত হয়েছে বাংলার জনতা, পশ্চিমবঙ্গ আজ স্বাধীন।” বাংলার পুরনো গৌরব ফিরে আসছে বলে উল্লেখ করে উপস্থিত জনতার উদ্দেশ্যে তাঁর সোজা প্রশ্ন ছিল, “পরিবর্তন ভালো লাগছে তো?”
ইতিহাস স্মরণ প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)
পশ্চিমবঙ্গ দিবসে ইতিহাসকে স্মরণ করে প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, দীর্ঘকাল ধরে পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া হয়েছিল। বাংলা দাঙ্গা, বিভাজন ও রক্তপাত সহ্য করেছে। বিশেষত নোয়াখালির দাঙ্গায় বহু মানুষের মৃত্যুর কথা স্মরণ করিয়ে তিনি বলেন, কংগ্রেস সেদিনের সেই ভয়ংকর ষড়যন্ত্রের সামনে নতি স্বীকার করেছিল। একমাত্র ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। একইসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের কড়া সমালোচনা করে মোদি বলেন, তাঁদের শাসনামলেই পশ্চিমবঙ্গ থেকে বহু বড় শিল্প পাততাড়ি গুটিয়েছে এবং ধুঁকতে ধুঁকতে বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের অসংখ্য ছোট শিল্প। হুংকার ছেড়ে মোদি বলেন, “আপনাদের লুট করা পয়সা ফেরত দিচ্ছে অভিযুক্তরা।”



