Visva-Bharati University
Bengal Liberty: বিশ্বভারতীর বাংলা বিভাগে তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষিত সহযোগী অধ্যাপক পদে নিয়োগে অনিয়মের অভিযোগে নতুন করে সক্রিয় হলো জাতীয় তফসিলি জনজাতি কমিশন। অভিযোগ, যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন।

অভিযোগের প্রেক্ষাপট (Visva-Bharati University)
গত জানুয়ারিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুষার পটুয়া এই বিষয়ে জাতীয় তফসিলি জনজাতি কমিশনের কাছে লিখিত অভিযোগ জানান।তাঁর অভিযোগ, বাংলা বিভাগে এসটি সংরক্ষিত পদে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং নিয়ম বহির্ভূতভাবে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কমিশন উপাচার্যের কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কোনো উত্তর দেয়নি।

কমিশনের কড়া বার্তা (Visva-Bharati University)
বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীরবতায় অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। সাম্প্রতিক নোটিসে কমিশন স্পষ্ট জানিয়েছে,আগামী ৭ দিনের মধ্যে অভিযোগ সংক্রান্ত সমস্ত তথ্য ও গৃহীত পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
নির্ধারিত সময়ে জবাব না পেলে সংবিধানপ্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরাসরি সমন জারি করা হতে পারে।
উল্লেখ্য, জানুয়ারি মাসে নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছিল। এরপর মে মাসে ইন্টারভিউ সম্পন্ন হলেও নিয়োগ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিক্ষামহল এখন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে।


