Bengal Liberty : কালীপুজো ও ছটপুজো উপলক্ষে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী লালবাঁধে জারি হল নিষেধাজ্ঞা। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এই জলাশয়ে কাপড় কাচা এবং নোংরা-আবর্জনা ফেলার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জলাশয়ের পরিচ্ছন্নতা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে কর্তৃপক্ষের এই পদক্ষেপে একদিকে যেমন স্বস্তি পরিবেশপ্রেমীদের, অন্যদিকে তেমনই জীবিকা নিয়ে চিন্তায় পড়েছেন লালবাঁধে দীর্ঘদিন ধরে কাজ করা স্থানীয় ধোপারা।
বীরভূমের লালমাটির দেশ শান্তিনিকেতনে একসময় জলসংকট ছিল অন্যতম বড় সমস্যা। স্থানীয় মানুষের জলের চাহিদা মেটানো এবং চাষবাসের সুবিধার জন্যই খনন করা হয়েছিল এই বিশাল কৃত্রিম জলাশয়। লাল মাটির কারণে কালক্রমে এর নাম হয় লালবাঁধ। শান্তিনিকেতনের ইতিহাসেও এই জলাশয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। রবীন্দ্রনাথের আশ্রম গড়ে ওঠা এবং এলাকার জনজীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জলাশয়ের ইতিহাস। একসময় লালবাঁধের জল চাষবাস থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে ব্যবহার করা হত। ফলে এই ঐতিহ্যবাহী জলাশয়ের জল ও পরিবেশের গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে দীর্ঘদিন ধরেই লালবাঁধের জলে কাপড় কাচার কাজ করে জীবিকা নির্বাহ করেন এলাকার বহু ধোপা। বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে এবার সমস্যায় পড়েছেন তাঁরাই। টানা ন’দিন কাজ বন্ধ থাকলে গ্রাহকদের কাছ থেকে নেওয়া জামাকাপড় নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া সম্ভব হবে না বলে আশঙ্কা তাঁদের। পাশাপাশি বন্ধ থাকবে রোজগারও। ধোপাদের দাবি, নিষেধাজ্ঞা জারির আগে তাঁদের জন্য বিকল্প কোনও ব্যবস্থা করা উচিত ছিল। তাঁদের বক্তব্য, প্রতি বছর ছটপুজোর সময় তাঁরা নিজেরাই কাজ বন্ধ রাখেন। কিন্তু এভাবে দীর্ঘ সময়ের জন্য কাজ বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়তে হবে তাঁদের।
আরও খবর
বিশ্বভারতীর এই সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে জলাশয়ের পরিচ্ছন্নতা ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় এই পদক্ষেপকে জরুরি বলে মনে করছেন পরিবেশ সচেতন মানুষজন। অন্যদিকে, জলাশয়ের উপর নির্ভরশীল ধোপাদের জীবিকা কীভাবে চলবে, সেই প্রশ্নও উঠছে। পরিবেশ রক্ষার পাশাপাশি তাঁদের রুজি-রুটির বিষয়টি মাথায় রেখে বিকল্প কোনও ব্যবস্থা করা হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।


