হস্টেলে তরুণ চিকিৎসকের মৃত্যুতে রহস্য ঘনীভূত! ‘পরিকল্পিত খুন’, নির্যাতনের অভিযোগ পরিবারের, উঠছে একাধিক প্রশ্ন
হস্টেলে তরুণ চিকিৎসকের মৃত্যুতে রহস্য ঘনীভূত! ‘পরিকল্পিত খুন’, নির্যাতনের অভিযোগ পরিবারের, উঠছে একাধিক প্রশ্ন

হস্টেলে তরুণ চিকিৎসকের মৃত্যুতে রহস্য ঘনীভূত! ‘পরিকল্পিত খুন’, নির্যাতনের অভিযোগ পরিবারের, উঠছে একাধিক প্রশ্ন

Bengal Liberty : কালীপুজোর সন্ধ্যায় দমদমের নাগেরবাজারে একটি বেসরকারি হস্টেলের ঘর থেকে উদ্ধার তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ। মৃতের নাম ডা. অভিজিৎ সরকার (২৮)। নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা এবং এনআরএস মেডিক্যাল কলেজের প্রাক্তনী অভিজিৎ নাগেরবাজারের মডার্ন হস্টেলে থেকে পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। রবিবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রাথমিকভাবে মানসিক অবসাদের সম্ভাবনার কথা জানালেও, পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। তাঁদের অভিযোগ, হস্টেলের কয়েকজনের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই চিকিৎসক।

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় হস্টেলের একটি ঘর ভিতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। পরে দরজা খুলে উদ্ধার হয় অভিজিতের ঝুলন্ত দেহ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট এবং মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের বক্তব্য, মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ থাকতে পারে। মৃতের বোনের দাবি, হস্টেলে সমস্যার কারণে মাসখানেক আগে দাদা বাড়ি ফিরে এসেছিলেন। তখনই তিনি জানিয়েছিলেন, হস্টেলের কয়েকজন তাঁকে নানাভাবে সমস্যায় ফেলছেন। অভিযোগ, ফোন করে চাপ সৃষ্টি করে তাঁকে ফের হস্টেলে ডেকে পাঠানো হয়েছিল।

পরিবারের দাবি, ভাইফোঁটায় বাড়ি ফেরার কথা থাকলেও মৃত্যুর আগে ফোনে অভিজিৎ জানিয়েছিলেন, “আমি সমস্যার মধ্যে আছি, ভাইফোঁটায় বাড়ি যেতে পারব না।” পরিবারের সদস্যদের আরও অভিযোগ, ফোনে কথা বলার সময় মনে হত, কেউ যেন পাশে থেকে তাঁকে কথা বলতে শিখিয়ে দিচ্ছে। তিনি যে প্রবল আতঙ্কের মধ্যে ছিলেন, তা বুঝতে পেরেছিলেন তাঁরা। ফেসবুক স্ট্যাটাস দেখে জামাইবাবুকে দ্রুত হস্টেলে পাঠানো হলেও ততক্ষণে সব শেষ।

মৃতের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার ছেলেকে নির্যাতন করে মারা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে ধরা হল না কেন? আমরা এর উপযুক্ত বিচার চাই।” দিদি সহেলী সরকারের অভিযোগ, “ভাই বাড়িতে চলে আসার পর প্রায়ই ফোন আসত। ফোনের উল্টো দিক থেকে বলতে শুনতাম, আমরা আলাদা ঘর নিয়েছি, তুই চলে আয়, কোনও সমস্যা হবে না। এর পর ভাই বাড়ি থেকে চলে যায়। এটা থেকেই আমাদের সন্দেহ, পরিকল্পনা করেই ওকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল।”

অন্যদিকে, হস্টেলের কর্ণধার পায়েল সেনাপতি জানান, খবর পেয়েই পুলিশকে জানানো হয়েছিল। তাঁর দাবি, ঘর থেকে দেহের পাশাপাশি সুইসাইড নোট ও বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। হস্টেলে কোনও সমস্যা ছিল না। আবাসিক দিব্যেন্দু সরকারও পারিবারিক অশান্তির কথা শুনেছেন বলে দাবি করেছেন।

গত দু’বছর ধরে হস্টেলের ২০ নম্বর ঘরে পেইং গেস্ট হিসেবে থাকতেন অভিজিৎ। শেষ এক মাসে সেখানে কোনও বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। নাগেরবাজার থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট, মোবাইল ফোন ও সুইসাইড নোটের ফরেন্সিক পরীক্ষার ফলের ভিত্তিতে তদন্ত এগোবে। হস্টেলের আবাসিক-সহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।