আদালতের নির্দেশ অমান্য, কালীপুজোর রাতে শব্দবাজির দাপট! কলকাতায় গ্রেফতার ৫৯২
আদালতের নির্দেশ অমান্য, কালীপুজোর রাতে শব্দবাজির দাপট! কলকাতায় গ্রেফতার ৫৯২

আদালতের নির্দেশ অমান্য, কালীপুজোর রাতে শব্দবাজির দাপট! কলকাতায় গ্রেফতার ৫৯২

Bengal Liberty : কালীপুজোর রাতে কলকাতায় শব্দবাজির তাণ্ডব নতুন কিছু নয়। পরিবর্তনের বাংলায় এত নিষেধাজ্ঞা, প্রশাসনিক নির্দেশ—সবকিছুই কার্যত অমান্য করা হল। নির্ধারিত সময় পেরিয়ে রাতভর কলকাতার বিভিন্ন প্রান্তে চলল শব্দবাজি ফাটানোর অভিযোগ। উৎসবের আনন্দের মধ্যেই শব্দদূষণের জেরে ভোগান্তিতে পড়লেন শহরবাসী। তবে নিয়মভঙ্গের অভিযোগে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করেছে। কালীপুজোর রাতে আইন অমান্য এবং বিভিন্ন অপরাধের অভিযোগে কলকাতায় মোট ৫৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রশাসনের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যেই বাজি পোড়ানো যাবে। পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর উপরেও ছিল কড়া নিষেধাজ্ঞা। কিন্তু সেই নির্দেশিকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৩৪৬ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বিগত সরকারের আমলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়মভঙ্গের অভিযোগ উঠলেও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠত। কিন্তু এবার ছবি একেবারেই আলাদা। প্রশাসনিক নিয়ম অবজ্ঞা করলে কোনও রকম রেহাই নেই। তারই উদাহরণ কলকাতা পুলিশের সক্রিয় ভূমিকা।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, শব্দবাজি ফাটানোর অভিযোগে ২৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, ভোররাত পর্যন্ত শব্দবাজি ফাটানো এবং প্রশাসনিক বিধিনিষেধ অমান্য করার অভিযোগেও ধরপাকড় চালানো হয়। পাশাপাশি অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ২৩৭ জনকে। কালীপুজোর রাতে ট্রাফিক আইন ভাঙা এবং অন্যান্য অভিযোগ মিলিয়ে পুলিশের নথিভুক্ত অভিযোগের সংখ্যাও উল্লেখযোগ্য।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।