Bengal Liberty : বৃষ্টি ছিটেফোটাও হয়নি! অথচ রাস্তায় থইথই করছে জল! সোমবার সাত সকালে আচমকা পানীয় জলের পাইপ ফেটে এমনটাই পরিস্থিতি তৈরি হল উত্তর কলকাতার টালা এলাকার একাংশ। জানা যায়, টালা ট্যাঙ্কের অদূরে টালা স্টেশনের কাছে রেললাইনের নীচে থাকা পাইপে বড় ফাটল যায়। প্রচুর জল বেরতে শুরু করে। বড় রাস্তা থেকে শুরু করে অলিগলি, সর্বত্র জল জমে গিয়েছে। চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। কিন্তু কীভাবে পাইপ ফাটল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। মূলত টালা বারোয়ারি চত্বর এবং বনমালী চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকায় এই বিপত্তি ঘটেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডও জলের তলায়। এদিন জলমগ্ন এলাকা পরিদর্শনে যান পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে৷ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি ৷
এদিকে, এই ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে চক্র রেল পরিষেবা। টালা ব্রিজের নিচে রেললাইনের কাছেই জলের পাইপ ফেটেছে। এর ফলে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গেই বনমালী সরকার স্ট্রিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জানা গিয়েছে, রেললাইনের নিচে থাকা ৭২ ইঞ্চির জলের পাইপ ফেটেই এই চরম বিপত্তি ঘটেছে। জল জমে গিয়েছে সমস্ত রেললাইনে। টালা থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
মুহূর্তের মধ্যে জল ঢুকে পড়ে আশপাশের পুজো মণ্ডপ, বাড়িঘর ও দোকানপাটে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বনমালী সরকার স্ট্রিটের বাসিন্দারা। বিধান সরণির একাংশ ও হাটখোলা-সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এই ঘটনার জেরে শুধু টালার কয়েকটি এলাকা নয়, এর পাশাপাশি উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহও ব্যাহত হয়েছে। টালা জলাধার থেকে জল সরবরাহ বন্ধ বা চাপ কমে যাওয়ায় চিত্তরঞ্জন এভিনিউ, কলেজ স্ট্রিট, রাজাবাজার, পার্ক সার্কাস, এ জে সি বোস রোড, বালিগঞ্জ ও কসবা-সহ শহরের একাধিক অংশে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
আরও খবর
বাসিন্দাদের দাবি, টালা ব্রিজের নীচে রেললাইনের তলায় দীর্ঘদিনের পুরনো একটি পানীয় জলের পাইপলাইন রয়েছে।কয়েক দিন ধরেই ওই পাইপে চিড় দেখা দিয়েছিল। সেখান থেকে জলও বেরোচ্ছিল। বিষয়টি কলকাতা পুরনিগমের পানীয় জল সরবরাহ বিভাগের নজরেও আনা হয়েছিল। কিন্তু সময়মতো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত এই ঘটনা। এরপরই বিপুল পরিমাণ জল বেরিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পাম্প চালিয়ে জমে থাকা জল বের করার চেষ্টা চলছে। তবে আচমকা এই বিপত্তির জেরে গোটা এলাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ।


