Deniz Undav
Bengal Liberty, ২২ জুন ২০২৬ : চলতি ফিফা(Deniz Undav) বিশ্বকাপে ইতিমধ্যেই একাধিক রূপকথার গল্পের জন্ম হয়েছে। কখনও মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের অপ্রত্যাশিত ড্র, আবার কখনও স্পেনের বিরুদ্ধে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার স্মরণীয় পারফরম্যান্স। সেই তালিকায় এবার যুক্ত হল জার্মান স্ট্রাইকার ডেনিজ উন্দাভের নাম।

গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টরন্টো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল জার্মানি ও আইভরি কোস্ট। গত তিনটি বিশ্বকাপে জার্মানির দ্বিতীয় ম্যাচে জয় না পাওয়ার ইতিহাস যেন আবারও ফিরে আসছিল। ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। কিন্তু এরপরই শুরু হয় উন্দাভের রূপকথা।
উন্দাভ সুপার সাব(Deniz Undav)
কুরাসাওয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে শুরুর একাদশে সুযোগ পাননি উন্দাভ। কিন্তু আইভরি কোস্টের বিরুদ্ধে এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় বদলি হিসেবে নেমে জোড়া গোল করে ম্যাচের গতিপথ বদলে দেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ২-১ ব্যবধানে জয় পায় জার্মানি এবং নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট। বিশ্বকাপে দুই ম্যাচে ইতিমধ্যেই তিন গোল করে ফেলেছেন এই জার্মান ফরোয়ার্ড।

কিংবদন্তিদের বিতর্ক(Deniz Undav)
কুরাসাও ম্যাচের আগে জার্মান দলে জামাল মুসিয়ালা না ডেনিজ উন্দাভ—কাকে প্রথম একাদশে রাখা উচিত, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। প্রাক্তন কোচ Jürgen Klopp এবং Thomas Müller উন্দাভকে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। অন্যদিকে জার্মান ফুটবলের কিংবদন্তি Lothar Matthäus মুসিয়ালার পক্ষেই সওয়াল করেছিলেন। আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচের পর উন্দাভ যেন নিজের জবাব মাঠেই দিয়ে দিলেন।
জীবনের সংগ্রাম(Deniz Undav)
আজকের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। মাত্র ১৪ বছর বয়সে তাঁকে ছেড়ে দিয়েছিল Werder Bremen-এর যুব অ্যাকাডেমি। কারণ হিসেবে বলা হয়েছিল, তাঁর উচ্চতা যথেষ্ট নয়। এরপরও হার মানেননি উন্দাভ।১৭ বছর বয়সে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন তিনি। জার্মানির চতুর্থ বিভাগের ক্লাব TSV Havelse-এ খেলতে শুরু করেন। সামান্য বেতনে জীবনযাপন সম্ভব না হওয়ায় একটি কারখানায় দৈনিক আট ঘণ্টা কাজও করতেন। কিন্তু ফুটবল ছাড়েননি কখনও।


পরবর্তীতে SV Meppen হয়ে বেলজিয়ামের ক্লাব Union Saint-Gilloise-এ যোগ দেন। সেখানকার দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে পৌঁছে দেয় Brighton & Hove Albion-এ। পরে জার্মানির VfB Stuttgart-এ যোগ দিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান। ২০২৫-২৬ মৌসুমে বুন্দেসলিগায় দুর্দান্ত ফর্ম দেখিয়ে জায়গা করে নেন জার্মানির বিশ্বকাপ দলে।
বিশ্বকাপ যে রূপকথার জন্ম দেয়, ডেনিজ উন্দাভ তারই সর্বশেষ উদাহরণ। এবার দেখার, নকআউট পর্বেও তিনি কি একই জাদু ধরে রাখতে পারেন। সেদিকেই তাকিয়ে থাকবে বিশ্ব ফুটবল।


