CM Suvendu Adhikari
Bengal Liberty: পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কলকাতার হাজরা মোড়ে বিজেপি যুব মোর্চার আয়োজিত রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি দাবি করেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়নি, তাঁকে হত্যা করা হয়েছিল।”

শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অনুসরণ করেই এগোবে সরকার: মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)
২৩ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দ-এর অবদানকে আড়াল করার চেষ্টা হয়েছে। তবে বর্তমান সরকার শ্যামাপ্রসাদের আদর্শ অনুসরণ করেই এগোবে এবং আগামী প্রজন্মের কাছে তাঁর ভাবধারা পৌঁছে দেওয়ার কাজ করবে।
এদিন তিনি অভিযোগ করেন, এক সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালন করাকেও বাধার মুখে পড়তে হয়েছে। তাঁর দাবি, গত ১৫ বছর বাংলায় “জামাতি সরকার” চলেছে (CM Suvendu Adhikari)।

শ্যামাপ্রসাদের মৃত্যুর প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরে চালু থাকা পারমিট প্রথার বিরোধিতা করে আন্দোলন শুরু করেছিলেন তিনি। সেই আন্দোলনের সময় তাঁকে গ্রেফতার করা হয়। বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর ১৯৫৩ সালের ২৩ জুন তাঁর মৃত্যু হয়। তবে শুভেন্দু অধিকারীর দাবি, এটি স্বাভাবিক মৃত্যু ছিল না।
তিনি বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ‘এক দেশ, এক নিশান, এক বিধান’-এর কথা বলেছিলেন। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।”

এদিন মুখ্যমন্ত্রী বঙ্গীয় আইনসভায় পশ্চিমবঙ্গের ভারতভুক্তি সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাবের প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, তারকেশ্বরে অনুষ্ঠিত হিন্দু মহাসম্মেলনে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব পাশ করানোর ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি বলেন, “এই সরকার তাঁর আদর্শেই চলবে।”
উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান জানাতে তাঁর হুগলির জিরাটে অবস্থিত পৈতৃক ভিটেতে নতুন মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


