Sabyasachi Dutta
Bengal Liberty : আয় বহির্ভূত সম্পত্তি এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধারের অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তাঁকে বুধবার কড়া নিরাপত্তার মধ্যে বারাসাত আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের দাবি, বিধায়ক থাকাকালীন সময়েই তিনি বিপুল পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছিলেন, যার সঙ্গে তাঁর ঘোষিত আয়ের সামঞ্জস্য নেই। ইতিমধ্যেই তাঁর হেফাজত থেকে প্রচুর সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, তাঁর ঘনিষ্ঠ এক মহিলা তৃণমূল নেত্রীর বাড়িতেও তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি সোনা উদ্ধারের কথা সামনে এসেছে। যেহেতু তিনি বিধায়ক থাকাকালীন এইসব সম্পত্তি করেছেন সে কারণে মামলাটি এমএলএ-এমপি আদালতের আওতায় বিচারাধীন থাকবে বলে জানানো হয়েছে। চার্জশিট জমা না পড়া পর্যন্ত নির্দিষ্ট আদালতেই মামলার শুনানি চলবে। এদিন বারাসাতের এডিজে থার্ড আদালতে তাঁকে তোলা হয়। যেকারণে আদালত চত্বর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় (Sabyasachi Dutta)।

সব্যসাচীকে সঙ্গে নিয়ে রাতভর অভিযানে উদ্ধার বিপুল সোনা (Sabyasachi Dutta)
প্রতারণা মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল নেতা সব্যসাচীর বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা, নগদ অর্থ এবং সম্পত্তির নথি উদ্ধার হয়েছিল। পরবর্তীতে সোমবার রাতে তাঁর ঘনিষ্ঠ জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতেও বিপুল পরিমান সোনার হদিশ মেলে। পুলিশের দাবি, রাতভর তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি সোনা, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই মামলার সঙ্গে যুক্ত আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পত্তির হদিশও মিলতে পারে।



