VB G Ram G Bill
Bengal Liberty : মনরেগা প্রকল্পের উত্তরসূরি হিসেবে কেন্দ্র প্রবর্তিত নতুন প্রকল্প ‘ভিবি জি রাম জি’, ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে পশ্চিমবঙ্গে (VB G Ram G Bill)। কেন্দ্রের এই নতুন কর্মসংস্থান মডেলে কাজের দিনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বদলেছে খরচের অনুপাত। রাজ্যের ২.৫৬ কোটি জব কার্ড হোল্ডারের জন্য নতুন এই প্রকল্পের পথচলা শুরু। তার জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি চূড়ান্ত। মঙ্গলবার সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে জি রাম জি প্রকল্পের সূচনার কথা জানিয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (VB G Ram G Bill)।

কাজের দিন বাড়ল, বদল হল আর্থিক মডেলে (VB G Ram G Bill)
দীর্ঘদিনের মনরেগা আইনকে সংস্কার করে কেন্দ্র নিয়ে এসেছে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন’ বা ‘জি রাম জি’। নতুন এই প্রকল্পে কাজের দিন ১০০ থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব রাখা হয়েছে। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রকল্পের আর্থিক কাঠামো। আগে মনরেগার অদক্ষ শ্রমিকদের মজুরির ১০০ শতাংশই কেন্দ্র বহন করত এবং সামগ্রিক খরচে কেন্দ্রের বড় অংশ থাকত, কিন্তু নতুন প্রকল্পে খরচের অনুপাত বদলে ৬০:৪০ করা হয়েছে। অর্থাৎ মোট খরচের ৬০ শতাংশ দেবে কেন্দ্র এবং অবশিষ্ট ৪০ শতাংশ অর্থ রাজ্য সরকারকে বহন করতে হবে। প্রথম অর্থবর্ষে ১৪ হাজার কোটি টাকারও বেশি বাজেটের এই প্রকল্পে কেন্দ্র ৮,৫০৮ কোটি এবং রাজ্য ৫,৬৭২ কোটি টাকা ব্যয় করবে বলে পঞ্চায়েত দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যাচাই প্রক্রিয়ায় কড়াকড়ি (VB G Ram G Bill)
নতুন প্রকল্প চালুর প্রাক্কালে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট করে দিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে পরিচয় যাচাই ও নথিপত্র পরীক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে এসআইআর-এ নাম না থাকা প্রায় ২৭ লক্ষ মানুষ আপাতত এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারছেন না। প্রকল্পের নিয়মানুবর্তিতা নিয়ে কড়াকড়ি থাকলেও, পুরনো মনরেগা প্রকল্পের বকেয়া পাওনা নিয়ে কেন্দ্রের ইতিবাচক বার্তায় কিছুটা স্বস্তিতে নবান্ন। নতুন এই রূপরেখা গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা কার্যকর ভূমিকা নেয়, এখন সেটাই দেখার।



