Mothabari case
Bengal Liberty : মোথাবাড়িতে বিচারক ও সরকারি আধিকারিকদের হেনস্তা এবং প্রশাসনের উপর হামলার ঘটনায় তদন্ত আরও জোরদার করল এনআইএ (Mothabari case)। মঙ্গলবার বিচারভবনে বিশেষ এনআইএ আদালতে আরও দুটি মামলায় চার্জশিট জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা। নতুন চার্জশিটে মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। খুনের চেষ্টা থেকে শুরু করে সরকারি কর্মীর উপর হামলা, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলার মধ্যে ইতিমধ্যেই ৬টির চার্জশিট আদালতে জমা পড়ল (Mothabari case)।

দুটি মামলায় ২৩ জন অভিযুক্ত (Mothabari case)
মঙ্গলবার বিচারভবনের বিশেষ এনআইএ আদালতে দুটি পৃথক মামলায় চার্জশিট দাখিল করে জাতীয় তদন্তকারী সংস্থা। প্রথম মামলায় ৫৪ পাতার চার্জশিটে ২২ জনের নাম রয়েছে। অন্যদিকে দ্বিতীয় মামলায় ১১ পাতার চার্জশিটে এক জনকে অভিযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৩ জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে খুনের চেষ্টা, সরকারি কর্মীর উপর হামলা, হেনস্তা, কর্তব্যরত সরকারি কর্মীকে বাধা দেওয়া, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বিঘ্ন ঘটানোর মতো গুরুতর অপরাধ। তদন্তকারীদের দাবি, ঘটনায় পরিকল্পিতভাবে প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করা হয়েছিল বলেই প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।

১২টির মধ্যে ৬ মামলায় চার্জশিট (Mothabari case)
মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। এর আগে চলতি মাসের শুরুতেই চারটি মামলায় ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এনআইএ। সেই চারটি মামলায় যথাক্রমে ৩, ১৫, ১০ এবং ৩ জন অভিযুক্তের নাম ছিল। একটি চার্জশিটে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম ও একরামুল বাদনানির নামও অন্তর্ভুক্ত করা হয়েছিল। এদিন দাখিল হওয়া নতুন চার্জশিটগুলির একটিতে রিঙ্কু আড়ির নামও রয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোথাবাড়ি কাণ্ডের ১২টি মামলার মধ্যে ৬টির চার্জশিট আদালতে জমা দিয়েছে এনআইএ। বাকি মামলাগুলির তদন্তও শেষ পর্যায়ে পৌঁছেছে বলে তদন্তকারী সূত্রে ইঙ্গিত মিলছে।



