Krishna Gupta
Bengal Liberty : পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অভিজ্ঞ আইএএস (IAS) অফিসার ড. কৃষ্ণ গুপ্তা (Krishna Gupta)। গত ২৫ জুন রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সমন্বয় শাখা থেকে প্রকাশিত ‘দ্য কলকাতা গেজেট’-এর একটি বিশেষ বিজ্ঞপ্তিতে তাঁর এই নিয়োগের কথা জানানো হয়েছে। রাজীব সিনহার অবসরের পর দীর্ঘদিন ধরে খালি থাকা এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিলেন তিনি। দায়িত্ব গ্রহণের পরপরই রাজ্যের আসন্ন নির্বাচনগুলো নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নতুন কমিশনার। সামনেই রাজ্যের একাধিক পৌরসভায় নির্বাচন। এই পরিস্থিতিতে ড. কৃষ্ণ গুপ্তা স্পষ্ট জানান, তাঁর একমাত্র লক্ষ্য হলো রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা। অতীতে বিভিন্ন সময়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাতের আবহ তৈরি হতে দেখা গেছে। তবে পূর্বতন পরিস্থিতির প্রসঙ্গ টেনে নতুন কমিশনার আশ্বাস দিয়ে বলেন, “আমার মনে হয় না সরকারের সঙ্গে কমিশনের এই ধরনের কোনও প্রতিযোগিতামূলক বা বিরোধের পরিস্থিতি তৈরি হবে।” একই সঙ্গে বর্তমান রাজ্য সরকার নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি (Krishna Gupta)।

দ্রুত পৌরসভা নির্বাচনের ইঙ্গিত (Krishna Gupta)
কলকাতা, বিধাননগর, হাওড়া, শিলিগুড়ি-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কোথাও বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, আবার কোথাও দীর্ঘদিন ধরে নির্বাচন বকেয়া রয়েছে। বর্তমানে এই পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগ করে প্রশাসনিক কাজকর্ম চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট পৌরসভাগুলোতে দ্রুত নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন শূন্য থাকা রাজ্য নির্বাচন কমিশনার পদে ড. কৃষ্ণ গুপ্তার এই নিয়োগ স্পষ্ট করে দিচ্ছে যে, রাজ্য সরকার দ্রুত পৌরসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। নতুন নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ ও তাঁর বক্তব্যও সেই ইঙ্গিতকেই আরও জোরালো করল।



