Taratala news
Bengal Liberty:
কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করল কলকাতা পুরসভা (KMC)। ৭২ ঘণ্টার বেশি সময় পুলিশ হেফাজতে থাকায় সরকারি পরিষেবা বিধি অনুযায়ী তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তবেই তিনি পুনরায় চাকরিতে ফিরতে পারবেন।

উল্লেখ্য, তারাতলা কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রকাশ্যে আনেন। তাঁর অভিযোগ ছিল, কলকাতার একাধিক বহুতল নির্মাণের অনুমোদনের ক্ষেত্রে কালীচরণের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপরই তদন্তে নেমে কালীকে গ্রেপ্তার করে পুলিশ।তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে। সেখানে বিল্ডিং প্ল্যান-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথির খোঁজ করা হয়। পাশাপাশি দীর্ঘ জিজ্ঞাসাবাদে প্ল্যান অনুমোদনের প্রক্রিয়া, নজরদারি ব্যবস্থা, আর্থিক লেনদেন এবং ত্রুটিপূর্ণ নির্মাণে কারা জড়িত ছিলেন, তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। যদিও পুলিশ সূত্রের দাবি, জেরায় কালীচরণ বন্দ্যোপাধ্যায় কোনও প্রশ্নেরই স্পষ্ট উত্তর দেননি। তদন্ত এখনও চলছে।


