North Bengal Development
Bengal Liberty: উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । শুক্রবার শিলিগুড়ির ‘উত্তরকন্যা’য় আয়োজিত একটি দীর্ঘ বৈঠকে তিনি স্পষ্ট জানান, উত্তরবঙ্গকে আর কলকাতার ওপর নির্ভর করে থাকতে হবে না।
মুখ্যমন্ত্রীর বৈঠকের মূল সিদ্ধান্তসমূহ (North Bengal Development)
অনুপস্থিত নেতাদের হুঁশিয়ারি: বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ৮০ শতাংশ জনপ্রতিনিধি ঠিকমতো অফিস করছেন না। তিনি নির্দেশ দেন, যারা জনরোষের ভয়ে এলাকাছাড়া, তারা হয় থানায় আত্মসমর্পণ করুন, না হয় পদত্যাগ করুন। কর্তব্যে গাফিলতি করা পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদের সদস্যদের অবিলম্বে শোকজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

উন্নয়ন বাজেট ও প্রকল্প: উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাজেট ১,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২,০০০ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি, জিটিএ (GTA)-র বরাদ্দ দ্বিগুণ করে ৩৬০ কোটি টাকা করা হয়েছে। এই অঞ্চলে একটি এইমস (AIIMS), ক্যানসার হাসপাতাল এবং নতুন মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
যোগাযোগ ব্যবস্থার উন্নতি: হাসিমারা বিমানবন্দরকে বাণিজ্যিক রূপ দেওয়া, বালুরঘাট ও মালদা বিমানবন্দর পুনরায় চালু করা এবং কোচবিহার বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের কথা জানিয়েছেন তিনি।
বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি: পাহাড় ও ডুয়ার্সে বন্যা এবং ধস পরিস্থিতি সামলাতে ৪,০০০ পুলিশের একটি বিশেষ রেসকিউ টিম এবং প্রাক্তন সৈনিকদের নিয়ে একটি প্রশিক্ষিত বাহিনী মোতায়েন করা হবে।

নতুন কর্মসংস্থান: রাজ্য সরকারের উদ্যোগে ‘১২৫ দিনের কাজ’ প্রকল্প শুরু হয়েছে। এর মাধ্যমে দক্ষ ও অদক্ষ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী দৈনিক ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত মজুরির ব্যবস্থা করা হয়েছে।
ভাতা প্রদানের কড়া নিয়ম: লক্ষ্মীর ভাণ্ডারসহ বিভিন্ন সামাজিক ভাতার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে মুখ্যমন্ত্রী নতুন নিয়ম কার্যকর করেছেন। শিশুদের সরকারি ভ্যাকসিন না খাওয়ালে বা নির্দিষ্ট শর্ত পূরণ না করলে এই সুবিধা পাওয়া যাবে না।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকারে ক্ষমতা একজনের হাতেই কেন্দ্রীভূত ছিল, কিন্তু বর্তমান সরকারে নিচু স্তর থেকে মন্ত্রী—সবার কাজ নির্দিষ্ট করা আছে। আমরা উত্তরবঙ্গকে প্রকৃত প্রশাসনিক গুরুত্ব দিয়েছি।” এর পাশাপাশি উত্তরবঙ্গের স্থানীয় সমস্যাগুলো দ্রুত মেটানোর জন্য সাংসদ ও বিধায়কদের সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন তিনি।


