Bengal Liberty : কলকাতায় ফের গ্রেফতার বিদেশি নাগরিক। এবার নিউটাউন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হল এক আফগান নাগরিককে। শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) আধিকারিকেরা। বৈধ নথিপত্র না পাওয়ায় ওই ব্যক্তিকে গ্রেফতার করেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আবদুল হাকিম ওরফে ওসামা। অভিযোগ, তাঁর ভিসার মেয়াদ বহু দিন আগেই শেষ হয়ে গিয়েছে। তার পরেও বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে এ দেশে প্রবেশ করেছিলেন ওই আফগান নাগরিক। তার পর থেকে কলকাতা, হাওড়া এবং নিউটাউনের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার নিউটাউনের পেঁচার মোড় এলাকায় তল্লাশি অভিযান চালান এসটিএফের আধিকারিকেরা। ওসামার কাছ থেকে একটি পাসপোর্ট উদ্ধার হয়েছে। তবে তাঁর ভিসার মেয়াদ বহু দিন আগেই শেষ হয়ে গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। অভিযোগ, আইন লঙ্ঘন করে বৈধ ভিসা ছাড়াই দীর্ঘ দিন ধরে কলকাতা ও সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন তিনি।
ধৃতের বিরুদ্ধে বিদেশি নাগরিক সংক্রান্ত আইনের (ফরেনার্স অ্যাক্ট) ১৪ নম্বর ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এসটিএফ। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। শনিবারই তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হয়।
আরও খবর
এ দিকে, শনিবারই মুর্শিদাবাদের শমসেরগঞ্জে আট জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের বিরুদ্ধেও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই আট জন বাংলাদেশি কেরলে কাজ করতেন। সেখান থেকে ফিরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।
পরপর এমন ঘটনায় বিদেশি নাগরিকদের বেআইনিভাবে ভারতে বসবাসের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বৈধ নথিপত্র ছাড়াই কীভাবে দীর্ঘ দিন ধরে এ দেশে বসবাসের সুযোগ পাচ্ছেন বিদেশি নাগরিকেরা, তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।


