Narendrapur
Bengal Liberty
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে এক বিজেপি(Narendrapur) সমর্থক মহিলাকে প্রকাশ্যে মারধর এবং বিদ্যুতের খুঁটিতে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্তের পরিবারের দাবি, দীর্ঘদিনের জমি-বিবাদের জেরেই এই হামলা চালানো হয়েছে। ঘটনায় তারিফুদ্দিন সর্দার নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

জমি-বিবাদের জেরে মহিলাকে নির্যাতন(Narendrapur)
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য রাজনীতি এখনও উত্তপ্ত। তার মধ্যেই নরেন্দ্রপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ অবশ্য ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত মহিলার অভিযোগ, শুক্রবার দুপুরে তিনি মেয়েকে নিয়ে বাড়িতেই ছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী জোর করে ঘরে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে।


এমনকি তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এরপর তাঁকে টেনে-হিঁচড়ে বাড়ির বাইরে এনে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে প্রকাশ্যে মারধর করা হয়। শুধু তাই নয়, চরম হেনস্থা ও অপমান করার উদ্দেশ্যে তাঁর মাথার চুলের একটি বড় অংশ কেটে নেওয়া হয় বলেও অভিযোগ।পরিবারের আরও দাবি, হামলাকারীরা ব্লেড দিয়ে তাঁর জিভ কেটে দেওয়ারও চেষ্টা করেছিল। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার হাত থেকে রক্ষা পায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ(Narendrapur)
জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর প্রথম তাঁদের উপর হামলা হয়েছিল। নিরাপত্তার অভাবে তখন তাঁরা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। পরে পুলিশের হস্তক্ষেপে ৯ সেপ্টেম্বর বাড়িতে ফিরলেও, তারপর থেকেই লাগাতার হুমকি ও হয়রানির মুখে পড়তে হচ্ছিল বলে দাবি পরিবারের।

এই ঘটনায় ১১ জনের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, টালিগঞ্জ এলাকা থেকে তারিফুদ্দিন সর্দার নামে এক মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

