Rajya sabha election
Bengal Liberty : প্রথমে তৃণমূল থেকে ইস্তফা। তার কিছুদিন পর বিজেপিতে যোগদান। যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যসভার টিকিট (Rajya sabha election)। রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা সেই তিন নেতাই এবার রাজ্যসভার পথে আরও একধাপ এগিয়ে গেলেন। সোমবার বিধানসভায় গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকও করেন তাঁরা। বিধানসভার অঙ্ক বলছে, এই তিন আসনে বিরোধী তৃণমূলের কোনও প্রার্থী দিতে পারবে না। ফলে বিজেপির প্রার্থী হিসেবে তিন নেতারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় ফেরার পথ কার্যত নিশ্চিত (Rajya sabha election)।

দলবদলের পরই রাজ্যসভার টিকিট, ‘ব্যতিক্রম’ তত্ত্বে জবাব বিজেপির (Rajya sabha election)
গত ৯ জুলাই সল্টলেকের বিজেপির রাজ্য দফতরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তৃণমূলের প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। আর যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তি জারি করে, চলতি মাসের রাজ্যসভা উপনির্বাচনের জন্য এই তিন নেতাকেই প্রার্থী ঘোষণা করে। আগামী ২৪ জুলাই এই তিনটি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও বিধানসভার সংখ্যাতত্ত্ব অনুযায়ী বিরোধী তৃণমূলের পক্ষে কোনও প্রার্থী দেওয়া সম্ভব নয়। ফলে বিজেপির এই তিন প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তবে এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্নও উঠেছে। কারণ, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর বিজেপির রাজ্য নেতৃত্ব বারবার জানিয়েছিল, তৃণমূল থেকে আসা দলবদলু নেতাদের জন্য আপাতত দলের দরজা বন্ধ। সেই অবস্থানে কি বদল এল? এই বিতর্কের জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, “যারা দুর্নীতি বা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, তাদের জন্য বিজেপির দরজা চিরকালই বন্ধ। কিন্তু সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব বা প্রকাশ চিক বরাইকের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাঁরা প্রত্যেকেই গুণী এবং বিদগ্ধ মানুষ।” তিনি আরও বলেন, “এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী, এই বিশেষণগুলি ব্যবহার করবেন না। প্রত্যেক মানুষেরই একটি অতীত থাকে। এই মুহূর্তে তাঁদের একমাত্র পরিচয়, তাঁরা বিজেপির একনিষ্ঠ কর্মী।”

‘পশ্চিমবঙ্গের স্বার্থেই কাজ করব’, বার্তা সুস্মিতা দেবের (Rajya sabha election)
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর সুস্মিতা দেব বলেন, “পশ্চিমবঙ্গের স্বার্থে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। বিজেপির নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি আমি কৃতজ্ঞ।” তিনি জানান, মনোনয়ন জমার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের সঙ্গে বৈঠক করেছেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে পরিবারের মতো আলোচনা করেছেন। সুস্মিতা দেবের কথায়, “পরিবারের মতো করেই সকলকে নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে বাংলার উন্নয়ন ও মানুষের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব।”


