Amit Shah
Bengal Liberty
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু’দিনের বঙ্গ সফরের আজ শেষ দিন। রবিবার তাঁর সূচিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। সবচেয়ে উল্লেখযোগ্য হল আমুল বেঙ্গল দই প্ল্যান্টের শিলান্যাস, যার মাধ্যমে রাজ্যে বিপুল কর্মসংস্থান ও নতুন শিল্প বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে (Amit Shah)।
শনিবার উত্তরবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন অমিত শাহ। শিলিগুড়িতে বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও চোরাচালান রোধে দীর্ঘ বৈঠক করেন তিনি। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর জন্য প্রায় ৭৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেন।

আইন-শৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক Amit Shah
রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের এই বৈঠকে উপস্থিত থাকার কথা জানা গিয়েছে। পাশাপাশি, আলিপুরের ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া-য় গিয়ে দুপুর দেড়টা নাগাদ নবনির্মিত ওয়ার্ড মিউজিয়ামের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আমুল বেঙ্গল দই প্ল্যান্টের শিলান্যাস
বিকেল সাড়ে ৩টায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল বেঙ্গল দই প্ল্যান্টের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে বাংলায় শিল্প বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার পাশাপাশি উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।
সূত্রের খবর, জুমাগাছ সীমান্ত চৌকি থেকে মোট ১৪টি সীমান্ত চৌকিতে স্মার্ট ফেন্সিং ব্যবস্থার উদ্বোধন করেন অমিত শাহ। এই প্রযুক্তিতে কাঁটাতারে কেউ স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে নিকটবর্তী বিএসএফ ক্যাম্পে সতর্কবার্তা পৌঁছে যাবে। সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে এই অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে কেন্দ্র সরকার।

