CJP Protest
Bengal Liberty
দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (CJP Protest) সংসদ অভিযান এবং যন্তর মন্তরে টানা আন্দোলনের আঁচ এবার ছড়িয়ে পড়ছে কলকাতাতেও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ক্রমবর্ধমান বেকারত্ব এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শহরে মিছিলের পরিকল্পনা নিয়েছেন দলের কর্মী-সমর্থকেরা। সূত্রের খবর, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেলের মাধ্যমে আবেদন জানিয়েছে সিজেপি। দিল্লিতে চলা আন্দোলনের আবহেই কলকাতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত প্রশাসনের অনুমতির অপেক্ষায় রয়েছেন সংগঠনের সদস্যরা।

২৪ জুলাই ‘রাত জাগা’র ডাক দিল এসএফআই CJP Protest
অন্যদিকে, একই ইস্যুতে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে সিপিআই(এম)-এর ছাত্র সংগঠন এসএফআই। আগামী শুক্রবার দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ঘোষণা করেছে তারা।

বুধবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য ও ঐশী ঘোষ জানান, অন্যান্য ছাত্র সংগঠনগুলিকেও এই কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, আরজি কর আন্দোলনের ধাঁচে আগামী ২৪ জুলাই ‘রাত জাগা’র কর্মসূচিরও ঘোষণা করেছে এসএফআই। ফলে শিক্ষা ক্ষেত্রের নানা ইস্যু ঘিরে রাজধানীর পর এবার তিলোত্তমা কলকাতাতেও আন্দোলনের পারদ আরও চড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

