Bengal Liberty
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, মার্কিন শুল্কনীতি, পশ্চিম এশিয়ার সংঘাত এবং জ্বালানি সরবরাহে বিঘ্নের মতো একাধিক চ্যালেঞ্জের মধ্যেই দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র (Narendra Modi)। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের মেয়াদও ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

তিন মেগা প্রকল্পে ছাড়পত্র
কেন্দ্রের অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৮৪,০৮৪ কোটি টাকার ন্যাশনাল অফশোর এক্সপ্লোরেশন স্কিম (সমুদ্র মন্থন), ৫,০৭০ কোটি টাকার প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা (PM-SSSY) এবং ৩৬,৪৪১ কোটি টাকার খেলো ইন্ডিয়া স্কিম। এছাড়া কৃষকদের আর্থিক সহায়তা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য ৩.১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

‘সমুদ্র মন্থন’ থেকে ‘সূর্য সরোবর’ প্রকল্প
কেন্দ্রের দাবি, ‘সমুদ্র মন্থন’ প্রকল্পের মাধ্যমে সমুদ্রের গভীরে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান আরও জোরদার হবে। ৬০০ মিলিয়ন মেট্রিক টনের বেশি সম্ভাব্য তেল মজুত অনুসন্ধানের লক্ষ্য নিয়ে এই প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি, আমদানির উপর নির্ভরতা কমানো এবং দেশীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে এই প্রকল্পে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
আরও খবর

অন্যদিকে, প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনার আওতায় আগামী কয়েক বছরে দেশে ৫,০০০ মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রকল্পে বিদ্যুৎ সঞ্চয়ের ব্যবস্থাও থাকবে, যার মোট সঞ্চয় ক্ষমতা হবে ১০,০০০ মেগাওয়াট-ঘণ্টা। সরকারের দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতি বছর প্রায় ১ কোটি টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমবে এবং সৌর সরঞ্জাম ও ব্যাটারি উৎপাদন শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সরকারি সূত্রের দাবি, ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচিকে আরও শক্তিশালী করতেই এই প্রকল্পগুলির ওপর জোর দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ধাপে ধাপে প্রকল্পগুলির বাস্তবায়ন শুরু হবে এবং ২০৩২-৩৩ অর্থবর্ষ পর্যন্ত কেন্দ্রীয় আর্থিক সহায়তা অব্যাহত থাকবে। কেন্দ্রের মতে, জ্বালানি, সবুজ শক্তি, ক্রীড়া পরিকাঠামো ও কৃষি – এই চার ক্ষেত্রকে একসঙ্গে শক্তিশালী করেই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি আরও মজবুত করা হবে।


