Bengal Liberty : আশঙ্কাই সত্যি হল। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার সক্রিয় প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই বাংলার বিভিন্ন জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি (Weather Alert)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং উত্তরবঙ্গের একাধিক জেলা প্রবল বর্ষণের জেরে কার্যত দুর্যোগের মুখে পড়েছে। শ্রাবণ মাস শেষের মুখে হলেও বর্ষার দাপট আরও বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও অত্যধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি আরও উদ্বেগজনক। আলিপুর আবহাওয়া দফতর দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। এছাড়া কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিসের আশঙ্কা, দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। পাশাপাশি টানা বৃষ্টির জেরে একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই পাহাড়ি এবং নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/04/kolkata-waterlogging/


