Bengal Liberty
অস্বস্তি বাড়ল টুলু মণ্ডলের (Tulu Mondal)। গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের এই পাথর ব্যবসায়ী। টুলুর আবেদন শুনতেই রাজি হলেন না বিচারপতি কৌশিক চন্দ। মামলাটি ফেরত পাঠিয়ে দিয়েছেন বিচারপতি। বৃহস্পতিবার শুনানির শুরুতেই টুলু মণ্ডলের আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এজলাসে উপস্থিত হন। তখন বিচারপতি জানিয়েছেন, টুলু মণ্ডল সংক্রান্ত মামলা ইতিমধ্যেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে। তাই একই বিষয়ে নতুন করে শুনানি করা তাঁর পক্ষে সম্ভব নয়। সেই কারণেই মামলাটি ফেরত দেওয়া হয়েছে।

টুলুর আবেদন ফেরাল হাইকোর্ট
ইতিমধ্যেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ফলে যে কোনও মুহূর্তে গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে পাথর ব্যবসায়ীর। গ্রেফতারি পরোয়ানার সঙ্গে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রশাসনিক প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ জানিয়েছিল টুলু। তবে আপাতত আদালত থেকে কোনও বিষয়েই স্বস্তি মিলল না তার। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেপাত্তা রয়েছেন বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল। কোথায় আত্মগোপন করে রয়েছেন, সে বিষয়ে কোনও হদিস মেলেনি। ইতিমধ্যেই বৃহস্পতিবার সকালে সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়িতে গিয়ে আদালতের নোটিস দেয় স্থানীয় প্রশাসন। নোটিসে তাকে আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিউড়ি আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এরপর থেকেই তাঁর সম্ভাব্য বেআইনি সম্পত্তি ও আর্থিক লেনদেনের খোঁজে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। টুলুর সম্ভাব্য আস্তানার পাশাপাশি তাঁর আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও একাধিকবার অভিযান চালানো হয়েছে।
আরও খবর

এর আগে নিরাপত্তা এবং আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু মণ্ডল। এবার গ্রেফতারি পরোয়ানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেও আদালতে আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদনও আপাতত শুনানির মুখ দেখল না। ফলে টুলু মণ্ডলের আইনি পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে।


