Ready to accept resignation Speaker's message about Humayun
Bengal Liberty: শনিবার রাজ্যের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের নজর ছিল মুর্শিদাবাদের বেলডাঙায়। তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir) দাবি করেছিলেন, বাবরি মসজিদের (Babri Masjid) ভিত্তিপ্রস্তর স্থাপনে হাজার হাজার মানুষ যোগ দেবেন। হুমায়ুনের দাবির প্রতিফলন মিলেছে সকাল থেকেই। আজ, শনিবার সকাল থেকেই দেখা গিয়েছে একেবারে ভিন্ন ছবি। কোনও দলের পতাকা নেই, নেই স্লোগানের ঝড়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা নিজেদের মতো করেই পৌঁছে গিয়েছেন বেলডাঙায়। একদিকে তৃণমূল অপরদিকে দল থেকে সদ্য সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন রাজ্য-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। সাসপেন্ড হওয়ার পর শুক্রবার হুমায়ুন জানিয়েছিলেন যে তিনি আগামী ১৭ ডিসেম্বর বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বিধায়ক পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেবেন। হুমায়ুনের এই মন্তব্যে সাংবাদিকদের প্রশ্নে এবার উত্তর দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। স্পিকার বলেন, ‘সংবাদপত্রে দেখেছি ১৭ ডিসেম্বর ইস্তফা দেবেন হুমায়ুন কবির। নিয়ম মেনে পদত্যাগ করলে আমরা তা গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু উনি কেন এতো আবোল তাবোল বকছেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। স্পিকারের আরও সংযোজন, ‘বিধানসভার কোনও আলোচনাতেই ওনাকে অংশ নিতে দেখা যেত না। ওনার বিরুদ্ধে দল কী সিদ্ধান্ত নিয়েছে সেটা দল বলতে পারবে। তবে কেন এত বাজে কথা বলছেন তা বলতে পারব না।’
হুমায়ুন প্রসঙ্গে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (sovandeb chattopadhyay)
রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) কথায়, ‘অনেক বুঝিয়েছি। কোনও লাভ হয়নি। কোনও যুক্তি থাকলে বলেছি নেতৃত্বের সঙ্গে কথা বলতে। কিন্তু দলকে বিব্রত করে এই ধরনের মন্তব্য করা একেবারেই ঠিক নয়। এখন বুঝতে পারছি সবটাই পূর্ব পরিকল্পিত। দলকে বিব্রত করার জন্যই উনি এই ধরনের মন্তব্য করতেন। সবটাই ছিল পরিকল্পিত।’
SIR প্রসঙ্গ
হুমায়ুন কবিরের পাশাপাশি এদিন এসআইআর (SIR) এর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এসআইআর করে আমাদের দলের খুব উপকার হয়েছে। গোটা দল এই মুহূর্তে চাঙ্গা। সমস্ত বিবাদ ভুলে সকলে একযোগে রাস্তায় নেমেছে। আমাদের সমস্যায় ফেলতে গিয়ে এখন বোধহয় অন্যেরাই সমস্যায় পড়ে গিয়েছে। এসআইআর আমাদের দলকে অনেকটা সাহায্য করেছে। এবার আমরা জিতবই।’
