Modi's six gifts to Putin
Bengal Liberty: দু’দিনের সফর শেষে ভারতীয় সময় শুক্রবার রাতে দেশে ফিরে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ফেরার সময় নিয়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দেওয়া উপহার।
পুতিনকে মোদির বিশেষ উপহার (vladimir putin)
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোট ছ’টি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপহারের ঝুলিতে রয়েছে ভারতের ঐতিহ্য, কারুশিল্প, সংস্কৃতি, আসামের কালো চা (Assam Tea) থেকে শুরু করে রুশ ভাষায় ছাপা শ্রীমদ্ভগবদ্গীতা।
উপহারগুলির মধ্যে সবচেয়ে নজর কাড়ে রুশ ভাষায় বিশেষ সংস্করণের শ্রীমদ্ভগবদ্গীতা। ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে দু’দিনের ভারত সফরে আসা ‘বন্ধু’ পুতিনের হাতে মোদি তুলে দিয়েছিলেন গীতার একটি রাশিয়ান সংস্করণ। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল, তা এই গ্রন্থে লিপিবদ্ধ করা রয়েছে। গীতা উপহারের কথা এক্স হ্যান্ডলে শেয়ার করে নিজেই জানিয়েছিলেন মোদি। বন্ধুর হাতে উপহার তুলে দেওয়ার মুহূর্তের ছবিও পোস্ট করেছিলেন তিনি।
এর পাশাপাশি অসমের জগৎবিখ্যাত চা রুশ প্রেসিডেন্টকে উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
এখানেই শেষ নয়, উপহার দিয়েছেন কাশ্মীর উপত্যকার মাটির বিশ্ববিখ্যাত সুগন্ধী মশলা জাফরান।
উপহারের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। বাংলার এক বিশেষ সামগ্রী মোদি বেছে নিয়েছেন বন্ধু রাষ্ট্রনেতাকে উপহার হিসাবে দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কারুশিল্পে গড়া রূপোর টি-সেট। রুপোর উপর বিশেষ কারুকাজ করা ওই টি সেটে অলঙ্কৃত নকশা ও সূক্ষ্ম খোদাই ভরপুর। বাংলার শিল্প, সংস্কৃতির ছোঁয়া রয়েছে ওই উপহারে।
এ ছাড়াও, পুতিনকে একটি রুপোর ঘোড়া দিয়েছেন মোদি। যা নিখুঁতভাবে খোদাই করা মহারাষ্ট্র থেকে আনা। উত্তরপ্রদেশের আগরায় তৈরি একটি মার্বেল পাথরের দাবার সেটও উপহার দেওয়া হয়েছে।
ভারত সফরে এসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমন পেলেন ভারতীয় ঐতিহ্য ও শিল্পকলা তেমনি পেলেন কূটনৈতিক সৌহার্দ্যের এক বিরল সংকলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেওয়া ছ’টি বিশেষ উপহার শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ভারত-রাশিয়া সম্পর্কের দৃঢ় বন্ধনের প্রতীক। পুতিনের এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
