Abhishek on Highcourt
Abhishek on Highcourt

Abhisekh Banerjee: অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ কেন? বৃহস্পতিবার ফের শুনানি

Bengal Liberty

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে (Abhisekh Banerjee)। বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। বৃহস্পতিবার সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। ওই দিনই মামলাটি ফের শুনবে আদালত। মামলাকারীর আইনজীবী অয়ন ভট্টাচার্যের দাবি, কী কারণে অভিষেকের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে কোনও স্পষ্ট তথ্য জানানো হয়নি। তিনি আরও দাবি জানিয়েছেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারা প্রয়োগ না করেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।

Abhisekh Banerjee
Abhisekh Banerjee

ব্যাঙ্ককে রিপোর্টের নির্দেশ Abhisekh Banerjee

আইনজীবীর বক্তব্য, সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুযায়ী কোনও অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। কিন্তু অভিষেকের ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেই দাবি করা হয়েছে। তা হলে কীভাবে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ করা হল, সেই প্রশ্নই আদালতে তোলেন মামলাকারীর আইনজীবী।

শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও জানতে চেয়েছেন, অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনও মামলা চলছে কি না। জবাবে তাঁর আইনজীবী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর মক্কেল সংশ্লিষ্ট মামলাগুলিতে তদন্তে সহযোগিতা করছেন। তবে সেই মামলাগুলির সঙ্গে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। এরপর মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। ওই দিন ব্যাঙ্ক কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতে মামলাটি শুনবে আদালত।

Advertisement
Advertisement

উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে রাজ্যে একাধিক মামলা চলায় আদালতের অনুমতি ছাড়া বিদেশযাত্রা করতে পারছিলেন না তিনি। বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। গত ২০ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে তাঁর বিদেশযাত্রা নিয়ে আপত্তি জানানো হয়। কলকাতাতেই চোখের চিকিৎসার একাধিক ব্যবস্থা রয়েছে বলে আদালত পর্যবেক্ষণ করে। প্রয়োজন হলে এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের কথাও জানানো হয়েছিল।

হাই কোর্টে দাবি অভিষেকের আইনজীবীর

হাই কোর্টের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। শীর্ষ আদালতের নির্দেশে বিষয়টি ফের হাই কোর্টে ফিরে আসে। পরবর্তীতে হাই কোর্টে বিদেশে চিকিৎসার আবেদন খারিজ করে এসএসকেএমে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে আবেদন করেন তৃণমূল সাংসদ। শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে অভিষেককে বিদেশে গিয়ে চিকিৎসার অনুমতি দেয় শীর্ষ আদালত।

এরই মধ্যে তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ব্যাঙ্কের রিপোর্টের পর এই মামলায় আদালত কী নির্দেশ দেয়, এখন সে দিকেই নজর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury