Bengal Liberty
নৃশংসভাবে খুন হওয়া কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্র আবু সুফিয়ানের হত্যার ন্যায়বিচারের দাবিতে নাকাশিপাড়া থানার সামনে অবস্থান-বিক্ষোভ করল নদিয়া উত্তর জেলা কংগ্রেস কমিটি (Congress Protest)। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে বুধবারের এই কর্মসূচির নেতৃত্ব দেন নদিয়া উত্তর জেলা কংগ্রেস সভাপতি হামিদুল হক। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মিডিয়া ও পাবলিসিটি বিভাগের চেয়ারপার্সন মিতা চক্রবর্তী, নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতি পুলক সিংহ-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

নিরপেক্ষ তদন্তের দাবি
কংগ্রেসের দাবি, আনিসুর রহমান ও আবু সুফিয়ান হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে FIR-এ নাম থাকা প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা বিশেষ ভাবে প্রয়োজন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে বলে দাবি কংগ্রেসের। হত্যার পরিকল্পনাকারী, সহযোগী এবং মদতদাতাদের চিহ্নিত করে গোটা ষড়যন্ত্র প্রকাশ্যে আনারও দাবি জানিয়েছে দল। কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, অভিযুক্তরা তৃণমূল কংগ্রেস, বিজেপি বা অন্য কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হলেও তদন্তে কোনও রকম পক্ষপাত করা যাবে না। নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আনিসুর রহমানের পরিবারকে এখনও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি। এমন মর্মান্তিক পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি এরূপ আচরণে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। অবিলম্বে তাঁর পরিবারের সদস্যদের জন্য উপযুক্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানানো হয়। বুধবার আনিসুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কংগ্রেসের একটি প্রতিনিধি দল নাকাশিপাড়া থানায় লিখিত ডেপুটেশন জমা দেয়। ডেপুটেশনে নিরপেক্ষ তদন্ত, জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা, পরিবারের নিরাপত্তা এবং আনিসুর রহমান ও আবু সুফিয়ানের হত্যার ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।
আরও খবর
তবে কংগ্রেসের বক্তব্য, সম্পূর্ণ সত্য প্রকাশ্যে না আসা এবং ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই গণতান্ত্রিক আন্দোলন চলবে।


