Bengal Liberty: নেপালের ভয়াবহ হড়পা বানের মারাত্মক প্রভাব এবার সরাসরি এসে পড়ল বাংলায়। ফারাক্কা ব্যারেজে হু হু করে বাড়ছে গঙ্গার জলস্তর। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নদীর জল বিপদসীমার প্রায় তিন ফুট উপর দিয়ে বইছে এবং গত ২৪ ঘণ্টায় শুধু ডাউন স্ট্রিমে জলস্তর প্রায় ০.৪০ ফুট বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় মুর্শিদাবাদ জেলা প্রশাসন চরম সতর্কতা জারি করেছে। ফারাক্কার বিডিও সুজয় ব্যাপারীর নেতৃত্বে ফরাক্কা, সামসেরগঞ্জ ও ধুলিয়ানের নিচু এলাকাগুলিতে মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, মৎস্যজীবীদের নদীতে নামতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা দফতরকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

নেপালে নিখোঁজ বাংলার পর্যটকরা ও উদ্ধারকাজ (Farakka Ganga Water Level)
এদিকে, নেপালের চিন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় তুষারপাত ও হড়পা বানের জেরে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। কাঠমান্ডু থেকে পশুপতিনাথ মন্দির দর্শনের পর কেরুং এলাকার দিকে যাওয়ার সময় এই বিপত্তির মুখে পড়েন পর্যটকরা। নতুন ছবির শুটিং করতে গিয়ে নেপালে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়।

এছাড়াও কলকাতা, কসবা, নাকতলা, সোনারপুর, দুর্গাপুর, বারাসাত, বসিরহাট, তারকেশ্বর ও শিলিগুড়ির বহু পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ও এই তালিকায় রয়েছেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতজুড়ে বহু নাগরিক যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও উদ্ধারকাজ শুরু হয়েছে। রাজ্যবাসীদের সহায়তার জন্য নবান্নে বিশেষ হেল্পলাইন নম্বর ((০৩৩) ২৪৭৯-৩৩১১ এবং ৯১৪৭৮৯০১৮১) চালু করা হয়েছে।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/27/justice-sandeep-mehta-letters/


