Bengal Liberty:
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই ফের সামনে এল ক্যাম্পাসের দেওয়াল লিখন (Suvendu on Jadavpur)। বিশ্ববিদ্যালয়ের আর্টস বিভাগের বয়েজ হস্টেলের দেওয়ালে ‘কিষাণজি লাল সালাম’ লেখা পাওয়া যাওয়ার অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এমন কোনও স্লোগান কেন থাকবে, যা এক মাওবাদী নেতাকে মহিমান্বিত করে?

হস্টেলের দেওয়ালে স্লোগান(Suvendu on Jadavpur University)
গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহেই সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে যাদবপুরের বয়েজ হস্টেলের দেওয়াল লিখনের প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত কয়েকটি ভিডিয়োতেও হস্টেলের দেওয়ালে বিভিন্ন স্লোগান এবং আপত্তিকর ছবি দেখা গিয়েছে বলে দাবি করা হয়। তার মধ্যেই ‘কিষাণজি লাল সালাম’ লেখা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
আরও খবর
কিষাণজি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে পরিচিত এক মাওবাদী নেতা। মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই তিনি রাজ্য রাজনীতিতে চর্চিত ছিলেন। তাঁর নেতৃত্বে মাওবাদী কার্যকলাপ এবং রাষ্ট্রবিরোধী সশস্ত্র আন্দোলনের অভিযোগও সামনে এসেছে। সেই ব্যক্তিকেই যাদবপুরের হস্টেলের দেওয়ালে ‘লাল সালাম’ জানানো হয়েছে বলে অভিযোগ। এই বিষয়টিকেই হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী।
মাওবাদী নেতাকে তোষণ কেন?(Suvendu on Jadavpur University)
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যাঁকে ঘিরে দীর্ঘদিন ধরে মাওবাদী কার্যকলাপের অভিযোগ রয়েছে, সেই কিষাণজিকে যদি একটি বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘লাল সালাম’ জানানো হয়, তাহলে এর পিছনে থাকা মানসিকতা কী? এই ধরনের দেওয়াল লিখন কি নিছক ছাত্র রাজনীতির অংশ, নাকি এর মাধ্যমে সরকারবিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী ভাবধারাকে উসকে দেওয়ার চেষ্টা হচ্ছে?

বিরোধীদের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরেই বাম ছাত্র সংগঠনগুলির শক্ত ঘাঁটি। তাঁদের দাবি, ক্যাম্পাসের ভিতরে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের আধিপত্যের কারণে অন্য ধরনের রাজনৈতিক মত কিংবা জাতীয়তাবাদী ভাবনার জায়গা সংকুচিত হয়েছে। সাম্প্রতিক সংঘর্ষের পর সেই পুরনো অভিযোগই ফের সামনে এসেছে।
‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান (Suvendu on Jadavpur University)
শুক্রবার যাদবপুরের উপকণ্ঠে ‘১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম’ কর্মসূচি থেকেও একই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনও কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ‘কিষাণজি লাল সালাম’-এর মতো স্লোগান কেন একটি বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে থাকবে, সেই প্রশ্ন তুলে যাদবপুরের ক্যাম্পাসকে এই ধরনের বিতর্কিত কার্যকলাপ থেকে মুক্ত করার বার্তাই দিয়েছেন তিনি।
ফলে যাদবপুরে সাম্প্রতিক ছাত্র সংঘর্ষের পাশাপাশি ‘কিষাণজি লাল সালাম’ লেখা দেওয়ালও এখন রাজনৈতিক বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ও মতাদর্শ প্রকাশের স্বাধীনতার সীমা কোথায়, আর রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠলে প্রশাসনের ভূমিকা কী হওয়া উচিত—এই প্রশ্নেই নতুন করে সরগরম রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ ক্যামাক স্ট্রিট-কাণ্ডে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত


