Bengal Liberty
মানুষের সমস্যার কথা শুনতে চান মুখ্যমন্ত্রী(Nabanna)শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই প্রতি সপ্তাহে একদিন জনতার দরবারে বসেন তিনি। কিন্তু রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ের মধ্যে একদিনে প্রত্যেকের অভাব-অভিযোগ বা সমস্যার কথা শোনা সবসময় সম্ভব হয় না। সাধারণ মানুষের সেই সমস্যার কথা এবং প্রশাসনের সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগের প্রয়োজনীয়তা বিবেচনা করেই এবার আরও একধাপ এগোল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ভাবনাতেই সরকারি দফতরগুলিকে আরও বেশি করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকা (Nabanna)
নবান্নের তরফে রবিবার জারি করা নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে সপ্তাহের নির্দিষ্ট দু’দিন সরকারি দফতরেই বসবেন উচ্চপদস্থ আধিকারিকরা। সাধারণ মানুষ কোনও আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাঁদের সঙ্গে সরাসরি দেখা করে নিজেদের সমস্যা জানাতে পারবেন। মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে এই পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু জেলা সদর নয়, মহকুমা ও ব্লক স্তরেও এই ব্যবস্থা কার্যকর হবে। জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও, পুরসভার কমিশনার, পুলিশ আধিকারিক-সহ বিভিন্ন দফতরের ফিল্ড-লেভেল অফিসারদের এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। নির্দিষ্ট দু’দিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করার জন্য অফিসে উপস্থিত থাকতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। ওই সময় যাতে সরকারি বৈঠক, সফর বা অন্য কর্মসূচি না রাখা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।
আরও খবর
সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ (Nabanna)
মানুষ যাতে সহজেই সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেজন্য তাঁদের সরকারি ই-মেল এবং মোবাইল নম্বর প্রকাশ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের নোটিস বোর্ডের পাশাপাশি সরকারি ওয়েবসাইটেও এই তথ্য স্পষ্টভাবে দেওয়া হবে। কোন দফতরের আধিকারিক কোন দিন এবং কখন মানুষের সঙ্গে দেখা করবেন, তাও আগাম জানিয়ে দিতে হবে।
তবে শুধু অভিযোগ শোনাই এই উদ্যোগের শেষ কথা নয়। অভিযোগ পাওয়ার পর কী পদক্ষেপ করা হল, তারও হিসাব রাখতে হবে আধিকারিকদের। ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টালে অভিযোগ এবং তার ভিত্তিতে নেওয়া পদক্ষেপ নথিভুক্ত করার ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।



