Congress
জয়রাম রমেশ ও জ্ঞানেশ কুমার

দিল্লি দুর্গ! কমিশনারের পদত্যাগ জানিয়ে SIR নিয়ে সরব জয়রাম রমেশ

Congress
জয়রাম রমেশের এক্স পোস্ট

জয়রাম রমেশের বক্তব্য অনুযায়ী, প্রতিবাদ কর্মসূচির আগে দেশের রাজধানীকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। তাঁর দাবি, ভোটাধিকার নিয়ে যুবসমাজের উদ্বেগকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে নিরাপত্তা জোরদার করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, ২০২৩ সালের ডিসেম্বরে সংসদে বিরোধী দলের ১৪৫ জন সাংসদকে সাসপেন্ড করার পর একটি আইন জোর করে পাশ করানো হয়েছিল। সেই আইনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে আজীবন আইনি সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। জয়রাম রমেশের অভিযোগ, নিয়োগের সময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া নির্দেশই নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন জ্ঞানেশ কুমার।

এমনকী, সুপ্রিম কোর্টে মিথ্যা বলার অভিযোগও তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ নৈতিকভাবে অপরিহার্য বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। জয়রাম রমেশের মতে, শুধু পদত্যাগের দাবিতে থেমে থাকলে চলবে না। দেশের গণতন্ত্রের মৌলিক ভিত্তি পুনরুদ্ধার করাও জরুরি। তাঁর বক্তব্য, দেশের সমস্ত মানুষের, বিশেষ করে যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসআইআর প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করারও দাবি জানিয়েছেন তিনি। কংগ্রেস নেতার অভিযোগ, এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই প্রায় ১৪ কোটি ভারতীয় ভোটাধিকার হারিয়েছেন। নির্বাচনী ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে এসআইআর স্থগিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

Deepshika Mondal
Deepshika Mondal

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।