Bengal liberty: গণতন্ত্রকে ভিড়তন্ত্র দিয়ে পরাস্ত করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের সমালোচনা করতে গিয়ে একথা বলার পাশাপাশি এই আন্দোলনকে ফ্লপ শো বলে দেগে দিয়েছে বিজেপি। শুক্রবার রাত থেকে গণহারে বিরোধী দলের বিভিন্ন নেতা-কর্মী-সমর্থকদের আটক করা শুরু করে পুলিশ। শনিবার সকাল থেকে যা চরম আকার ধারণ করে। সকালেই ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ। দিল্লিতে পা রাখার আগেই আটক করা হয় ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে।
দেশের গণতন্ত্র জয় পেয়েছে ভিড়তন্ত্রের বিরুদ্ধে সম্বিত
বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতার পুলিশ আটক করায় আন্দোলন সেভাবে জমাট বাঁধতে পারেনি এদিন। দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন বলেন, “আজ দেশে অত্যন্ত বিপজ্জনক ও গুরুতর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এমন এক দেশকে অশান্ত করার চেষ্টা চলছে যেখানে ১৪০ কোটি মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে। এর নেপথ্যে রয়েছে দু’টি নৈরাজ্যবাদী গোষ্ঠী। একটি কংগ্রেসের নেতৃত্বে ইন্ডি জোট। অন্যটি আপের সহযোগী ককরোচ।” বিজেপির সর্বভারতীয় মুখপাত্র তথা বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলছেন, “বিশৃঙ্খলা ও হিংসা সৃষ্টির মাধ্যমে যারা রাজধানীর পরিবেশ নষ্ট করতে চেয়েছিলেন তাদের সেই ‘ফ্লপ শো’ ধসে পড়েছে। আজ দেশের গণতন্ত্র এই তথাকথিত ‘ভিড়তন্ত্র’-এর বিরুদ্ধে বড় জয় পেয়েছে।”



