Bengal Liberty : সেনাবাহিনীর স্পেশাল কর্নেল পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নবগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তরুণ দাস। তাঁর বয়স-সহ অন্যান্য পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায় তাঁর বাড়ি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, তরুণ নিজেকে সেনাবাহিনীর স্পেশাল কর্নেল হিসেবে পরিচয় দিতেন। সেনাবাহিনীর পোশাক পরে চারচাকা গাড়িতে চড়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন তিনি। সম্প্রতি তাঁর গতিবিধি ও আচরণে সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। এমনকি, সেনাবাহিনীর সঙ্গে তাঁর যোগসূত্রের কোনও বৈধ নথিপত্রও দেখাতে পারেননি। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তের পর ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভুয়ো সেনা আধিকারিক পরিচয়ে তিনি কত দিন ধরে এই কাজ চালাচ্ছিলেন, এর পিছনে কোনও প্রতারণাচক্র রয়েছে কি না এবং এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সূত্রেই ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।


