Bengal liberty : বিহারে বিধান পরিষদ নির্বাচনের আগে এনডিএকে অস্বস্তিতে ফেলতে তৎপর প্রশান্ত কিশোরের দল। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের মধ্যে থেকে বেসুরো গাইতে শুরু করেছেন নীতীশ কুমার ঘনিষ্ঠ জেডিইউ বিধায়ক অনন্ত সিং। তিনি প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টির প্রার্থীকে সমর্থন করবেন বলে জানিয়ে দিয়েছেন। স্বভাবতই বিধান পরিষদ ভোটের আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের মধ্যে অস্বস্তি যে বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। জেডিইউ বিধায়ক অনন্ত সিং মোকামা কেন্দ্রের বিধায়ক। গত শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনে এনডিএ-এর বৈঠক বসে।

সেই বৈঠক থেকে বেরিয়েই সাংবাদিকদের অনন্ত সিং জানিয়ে দেন, তিনি তাঁর দলের প্রার্থী নীরজ কুমারকে সমর্থন করবেন না। তিনি প্রশান্ত কুমারের দল জন সুরজ পার্টির প্রার্থী অনুজ কুমার সিংকে সমর্থন করবেন। জেডিইউ অবশ্য অনন্তর এই সিদ্ধান্তকে ঠিকভাবে নেয়নি। দলের তরফে স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনন্ত যদি সমর্থন না করে তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অন্যদিকে অনন্ত সিংয়ের দাবি, নীরজ কুমারের মাথায় নীতীশ কুমারের হাত নেই। পিকে এর প্রার্থী অনুজ সিং যাতে তার প্রার্থী পদ তুলে নেয়, সেই বিষয়ে নীরজকে উদ্যোগী হতে বলেছিলেন নীতীশ। উল্লেখ্য, আগামী ২৩ অক্টোবর বিহারে আট আসনে বিধান পরিষদের ভোট। শিক্ষিত গ্র্যাজুয়েট থেকে শুরু করে শিক্ষকরা তাতে ভোট দেবেন। সেখানে প্রশান্ত কুমারের দল নজর কাড়তে পারে কিনা এখন সেটাই দেখার।


