Waste Disposal
Waste Disposal

পূর্ব রেলওয়ের বিভিন্ন ডিভিশনে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার

Bengal Liberty : পরিবেশগত স্থায়িত্ব, বিধিবদ্ধ নিয়মাবলির যথাযথ পালন এবং যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশনায় সোমবার রেলওয়ের সমস্ত ডিভিশনে ব্যাপক বর্জ্য ব্যবস্থাপনা ও নিবিড় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিধি, ২০২৬-এর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে পূর্ব রেলওয়ে স্টেশন, ট্রেন, ওয়ার্কশপ, রেলওয়ে আবাসন এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে উৎসস্থলেই বর্জ্যকে চারটি পৃথক শ্রেণিতে বিভক্ত করার ব্যবস্থা সক্রিয়ভাবে কার্যকর করছে। শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশন, ট্রেন, প্যান্ট্রি কার এবং রেলওয়ে আবাসনে ভেজা বর্জ্য, শুকনো বর্জ্য, স্যানিটারি বর্জ্য এবং বিশেষ যত্ন প্রয়োজন এমন বর্জ্যের জন্য চারটি পৃথক রঙের চিহ্নযুক্ত ডাস্টবিন চালু করা হয়েছে এবং সেগুলির যথাযথ ব্যবহার যাচাই করা হয়েছে। অনবোর্ড হাউসকিপিং সার্ভিস, স্টেশন পরিচ্ছন্নতা কর্মী এবং প্যান্ট্রি কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। বর্জ্য উৎপন্ন হওয়ার স্থানেই তা পৃথকীকরণের গুরুত্বের পাশাপাশি ব্যবহৃত স্যানিটারি সামগ্রী, ব্যাটারি, বাল্ব এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ নিরাপদে সংগ্রহ ও নিষ্পত্তির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

একইভাবে, হাওড়া ডিভিশনের এনভায়রনমেন্ট অ্যান্ড হাউসকিপিং ম্যানেজমেন্ট বিভাগের নেতৃত্বে সমস্ত স্টেশন, ওয়ার্কশপ এবং রেলওয়ে আবাসনে বিধিবদ্ধ নিয়মাবলি মেনে চলা নিশ্চিত করতে নিবিড় অভিযান শুরু হয়েছে। এই উদ্যোগের আওতায় বর্জ্যকে চারটি পৃথক শ্রেণিতে বিভক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, যোগ্য ইউনিটগুলিকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর পোর্টালে বাল্ক ওয়েস্ট জেনারেটর হিসেবে নথিভুক্ত করা হচ্ছে এবং তাদের প্রত্যয়িত পুনর্ব্যবহারকারী সংস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে। বর্জ্য প্রক্রিয়াকরণের পরিকাঠামোর অডিটের মাধ্যমে একটি যাচাইযোগ্য বিধিবদ্ধ ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। আসানসোল ডিভিশনের আসানসোল, জসিডি, দুর্গাপুর, রানিগঞ্জ, অন্ডাল এবং শিমুলতলা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ধারাবাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়েছে।

এর মধ্যে ছিল ডাস্টবিন পরিষ্কার করা এবং সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট বিধি, ২০২৬ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। এ ক্ষেত্রে সবুজ, নীল, লাল ও কালো—এই চারটি রঙের ডাস্টবিন ব্যবহার করা হয়েছে। আসানসোলে ক্লিন টু ট্রেন স্কিম-এর কর্মীদের এসএসই/সিঅ্যান্ডডাব্লিউ (প্ল্যাটফর্ম)-এর সঙ্গে সমন্বয় করে সুশৃঙ্খলভাবে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও, পাণ্ডবেশ্বর ও সিউড়ি রেলওয়ে আবাসনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, আসানসোল ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল-এর পক্ষ থেকে নিরাপদ উপায়ে বায়োমেডিক্যাল বর্জ্য পৃথকীকরণ, সংগ্রহ, ব্যবস্থাপনা ও নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

এই ব্যাপক উদ্যোগের ধারাবাহিকতায় মালদা ডিভিশনের পক্ষ থেকেও সাহিবগঞ্জ, ভাগলপুর, নিউ ফরাক্কা, মির্জাচৌকি, মন্দার হিল এবং জামালপুর-সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। যাত্রীদের যাত্রাপথে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

পরিবেশবান্ধব কার্যপ্রণালী বাস্তবায়নে পূর্ব রেলওয়ের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরে পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি বলেন, “পূর্ব রেলওয়ে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্থায়িত্বশীল রেল নেটওয়ার্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিধি, ২০২৬-এর কঠোর পালন নিশ্চিত করার মাধ্যমে আমাদের বিভিন্ন ডিভিশন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা এবং দায়িত্বশীলভাবে বর্জ্য নিষ্পত্তির লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। এর ফলে আমাদের যাত্রীসাধারণের পাশাপাশি বৃহত্তর সমাজও উপকৃত হবে।”

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।