PM modi
Bengal liberty: আগামী সপ্তাহে ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার তাঁর গন্তব্য জর্ডন (Jordan), ইথিওপিয়া (Ethiopia) এবং ওমান (Oman)। আগামী ১৫ ডিসেম্বর থেকে চার দিনের সফরে এই তিন দেশে ঘুরবেন প্রধানমন্ত্রী। প্রথমে পাড়ি দিচ্ছেন মধ্যপ্রাচ্যের ছবির মতো সুন্দর মরুদেশ জর্ডনে। তবে হর্ন অফ আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এবার প্রথমবার যাচ্ছেন মোদি।
মোদির সফরসূচি (PM modi)
এবছর ভারত-জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর। এমন সময় সে দেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে আলাদা গুরুত্ব বহন করে। অতীতকালে দু’দেশের পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে আগামীতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জর্ডনের (Jordan) ‘রাজা’ আবদুল্লা ২ বিন আল হুসেনের (King Abdullah II bin Al Hussein) সঙ্গে মোদি একান্ত বৈঠকে বসবেন বলে সূত্রের খবর। উভয়ের মধ্যে শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত আলোচনার সম্ভাবনা রয়েছে। জর্ডন (Jordan) সফর সেরে ১৬ ডিসেম্বর মোদি পৌঁছে যাবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায় (Ethiopia)। সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বের নানা ইস্যু নিয়ে বৈঠক রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। সবশেষে ১৭ ডিসেম্বর আরবের ওমানে (Oman) যাবেন প্রধানমন্ত্রী। তিন দেশে সফর সেরে ১৮ ডিসেম্বর দেশে ফিরবেন মোদি।
এই প্রথম ইথিওপিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ‘গ্লোবাল সাউথ’-এর শরিক হিসেবে দু’দেশ আগেই পারস্পরিক সহযোগিতায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। এবার দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সম্পর্কে আরও বিস্তৃতির লক্ষ্যে সে দেশের প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে জরুরি বৈঠক সারবেন নরেন্দ্র মোদি। ১৬ ও ১৭ ডিসেম্বর ইথিওপিয়া থাকবেন তিনি। সেখান থেকে মোদি চলে যাবেন ওমানে। সেখানকার ‘সুলতান’ হাইথাম বিন তারিকের আমন্ত্রণে দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর ওমান সফর। এ বছর ভারত-ওমান সম্পর্কের ৭০ বছর। দীর্ঘদিন ধরেই দুই দেশ বাণিজ্যিক, সাংস্কৃতিক সম্পর্কে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এমনকী দুই দেশের মানুষজনের সম্পর্কও বেশ দৃঢ়। এই পরিস্থিতিতে মোদির ওমান সফর সেই সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ওমানের সুলতানের মধ্যে শক্তি, কৃষি, প্রতিরক্ষা, প্রযুক্তি-সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০১৪ সালে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাঝেমধ্যেই বিদেশ সফর করেছেন নরেন্দ্র মোদি। তা নিয়ে তাঁকে কম খোঁচা দেননি বিরোধীরা। এ বার বছরশেষে তিন মহাদেশের তিন দেশে পাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী।

