Manchester City Vs PSG UCL Match Review
Manchester City Vs PSG UCL Match Review

ম্যানচেস্টার সিটি কে উড়িয়ে দিয়ে জয়ের ধারা বোঝাই অব্যাহত রাখল পিএসজি

Bengal Liberty : চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে একদিকে ইংল্যান্ডের শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটি, অন্যদিকে ফ্রান্সের প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি)। দুই ইউরোপীয় জায়ান্টের মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিটিকে কার্যত কোণঠাসা করে দেয় পিএসজি। প্রথমার্ধে তিন গোলের ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ফরাসি ক্লাবটি। দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ডের জোড়া গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় ছিনিয়ে নেয় পিএসজি।

প্রথমার্ধে পিএসজির দাপট

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে পিএসজি। ১৩ মিনিটে দেজিরে দুয়ের গোলে প্রথমবার এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। ফাবিয়ান রুইজের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে দুরন্ত শটে সিটির জালে বল জড়িয়ে দেন দুয়ে। এই গোলের রেশ কাটতে না কাটতেই ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। দেজিরে দুয়ের বাড়ানো বল থেকে হেডে গোল করে সিটিকে আরও চাপে ফেলে দেন তিনি।

এরপরও পিএসজির আক্রমণের ঝাঁজ কমেনি। ৩২ মিনিটে ভিতিনহার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় প্যারিসের দলটি। ওয়ারেন জাইরে-এমেরির ব্যাকহিল থেকে বল পেয়ে নিখুঁত শটে সিটির জালে বল পাঠান ভিতিনহা। প্রথমার্ধেই তিন গোল হজম করে কার্যত ব্যাকফুটে চলে যায় ম্যানচেস্টার সিটি।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আক্রমণের গতি বাড়ায় ম্যানচেস্টার সিটি। ৫৩ মিনিটে আর্লিং হালান্ডের গোলে ব্যবধান কমিয়ে ৩-১ করে সিটি। বিরতির পর দুরন্ত হেডে পিএসজির জালে বল জড়িয়ে দিয়ে ম্যাচে ফেরার আশা জাগান নরওয়েজীয় তারকা।
কিন্তু সিটির প্রত্যাবর্তনের স্বপ্নে জল ঢেলে দেন মাগনেস আকলিউশ। ৬২ মিনিটে উসমান দেম্বেলের পাস থেকে গোল করে পিএসজির ব্যবধান ৪-১ করেন তিনি। ফলে ফের বড় ব্যবধানে পিছিয়ে পড়ে সিটি।

Manchester City Vs PSG UCL Match Review
Manchester City Vs PSG UCL Match Review

তবে হাল ছাড়েননি হালান্ড। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-২ করেন তিনি। ম্যাচের বাকি সময়ে আরও গোলের চেষ্টা চালালেও পিএসজির রক্ষণ ভাঙতে পারেনি সিটি। শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াইয়ে পিএসজির দাপট আরও একবার বুঝিয়ে দিল, বড় মঞ্চে আক্রমণাত্মক ফুটবল এবং সুযোগের সঠিক ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে, দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফিরলেও প্রথমার্ধের ভুলের মাশুল দিতে হল ম্যানচেস্টার সিটিকে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।