Bengal Liberty: ভারতীয় ফুটবলের মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তিন দিনের ভারত সফরে আসছেন বিশ্বকাপে নজর কাড়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। তাঁর সঙ্গে থাকবেন প্রাক্তন বার্সেলোনা ও বায়ার্ন তারকা আর্তুরো ভিদাল।
পানামা, ব্রাজিল ও উরুগুয়ের আন্তর্জাতিক ম্যাচগুলির পর আগামী মাসেই সল্টলেক স্টেডিয়ামে দেখা যাবে এল ক্লাসিকো, যেখানে মুখোমুখি হবে বার্সেলোনা লিজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লিজেন্ডস। এর ঠিক পরেই, ডিসেম্বরের ১৭, ১৮ ও ১৯ তারিখে তিন দিনের সফরে ভারতে আসছেন রূপকথার আরেক নাম ভোজিনহা, যাঁর খেলায় মুগ্ধ হয়েছিল গোটা ফুটবল বিশ্ব।
লিওনেল মেসির বিতর্কিত কলকাতা অধ্যায়ের পর ফের একবার উদ্যোক্তা শতদ্রু দত্তের হাত ধরেই ভারতে আসছেন ভোজিনহা। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন চিলির কিংবদন্তি ফুটবলার আর্তুরো ভিদালও।ভারতীয় ফুটবল সম্পর্কে যথেষ্ট আগ্রহ রয়েছে ভোজিনহার। কলকাতায় ফুটবল নিয়ে উন্মাদনার কথাও শুনেছেন তিনি। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হলেও কোনও কারণে ভারত বনাম কেপ ভার্দের ম্যাচটি শেষ পর্যন্ত হয়নি। তবে ম্যাচ না হলেও তিন দিনের এই সফরে উপস্থিত থাকবেন ভোজিনহা। এর পাশাপাশি, ভারতীয় ফুটবলে আরও কোনও চমক অপেক্ষা করে আছে কি না, সেদিকেই নজর থাকবে সবার।


