Bengal Liberty : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (WBHS) আওতায় রাজ্য সরকারি কর্মী ও উপভোক্তাদের চিকিৎসার সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের মেডিক্যাল সেল, অর্থ দফতর। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লির AIIMS-এর পাশাপাশি পটনা, গুয়াহাটি, কল্যাণী, ভুবনেশ্বর এবং দেওঘরের AIIMS-এ চিকিৎসার স্বীকৃতি দেওয়া হয়েছে। কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলির বাসিন্দাদের বিশেষায়িত চিকিৎসা পরিষেবা পেতে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রতিষ্ঠানগুলিতে চিকিৎসা, পরীক্ষা, ভর্তি এবং বহির্বিভাগে চিকিৎসার জন্য আগাম অনুমতির প্রয়োজন হবে না। তবে চিকিৎসার খরচ ফেরত পাওয়ার ক্ষেত্রে WBHS-এর নির্ধারিত নিয়ম, শর্ত এবং আর্থিক সীমা প্রযোজ্য থাকবে। বহির্বিভাগের চিকিৎসার খরচ ফেরত দেওয়া হবে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট রোগ ও চিকিৎসার তালিকা অনুযায়ী। তালিকার বাইরে থাকা চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র প্রতিষ্ঠান স্বীকৃত হওয়ার কারণে খরচ ফেরত মিলবে না। সংশ্লিষ্ট AIIMS-গুলিতে যাতায়াতের জন্য কোনও ভ্রমণ ভাতা দেওয়া হবে না। বিজ্ঞপ্তিটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।


