Deben Mahato Hospital
Deben Mahato Hospital

হাসপাতালের বেহাল দশা! সুপারের অজুহাতে ক্ষুব্ধ সাংসদ জ্যোতির্ময়, সরাসরি ফোন স্বাস্থ্যমন্ত্রীকে

Bengal Liberty : হাসপাতাল, নাকি আবর্জনার স্তূপ—তা বোঝার উপায় নেই! সরকারি হাসপাতালের এমনই বেহাল ছবি সামনে এল পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল চত্বরে যত্রতত্র জমে রয়েছে আবর্জনা। এই পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। প্রথমে হাসপাতালের সুপারকে ফোন করেও সমস্যার সমাধান না হওয়ায় সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে অভিযোগ জানান তিনি।

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিযান চালানোর ছবি সামনে এসেছে। কখনও আচমকা পরিদর্শনে গিয়ে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোর হাল খতিয়ে দেখেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেই আবহেই এবার পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই ছবি ঘিরে সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে।

সূত্রের খবর, দশমীর রাতে হাসপাতালে যান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সেখানে হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর হাসপাতালের সুপারকে ফোন করে বিষয়টি জানান সাংসদ। অভিযোগ, সমস্যার সমাধানে উদ্যোগী হওয়ার বদলে সুপার নানা অজুহাত দিতে থাকেন। তাতেই আরও ক্ষুব্ধ হন জ্যোতির্ময় সিং মাহাতো।

এরপর আর দেরি না করে সরাসরি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে ফোন করেন তিনি। হাসপাতালের এমন পরিস্থিতির কথা স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনেন বিজেপি সাংসদ। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরেই স্বাস্থ্যভবনে এ নিয়ে বৈঠক শুরু হয়েছে।

এখন প্রশ্ন, সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা নিয়ে ওঠা এই অভিযোগের পর পরিস্থিতি বদলাতে কী পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর? রোগী ও তাঁদের পরিজনদের স্বার্থে হাসপাতাল চত্বর পরিষ্কার রাখা এবং পরিষেবার মান বজায় রাখতে প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয়, এখন সেদিকেই নজর।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।