Bengal Liberty : আইএসএলের নতুন মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি মোহনবাগান সুপার জায়ান্টের। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে ০-১ গোলে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সবুজ-মেরুন ব্রিগেডের সামনে। শুক্রবার, ১৬ অক্টোবর স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হতে চলেছে কলকাতার এই প্রধান। অন্যদিকে, মরশুমের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ২-৩ গোলে হেরে মাঠে নামবে দিল্লিও। ফলে দুই দলের কাছেই এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর এবার জয় ছাড়া অন্য কিছুই যে স্বস্তি দেবে না, তা বলাই বাহুল্য।
দিল্লির বিরুদ্ধে জয়ে ফেরাই লক্ষ্য সবুজ-মেরুনের
মরশুমের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে পারেনি মোহনবাগান। শেষ পর্যন্ত প্রতিপক্ষের গোলে হার মানতে হয় তাদের। ফলে নতুন মরশুমের শুরুতেই ধাক্কা খেয়েছে দল। এবার সেই ব্যর্থতা ভুলে জয়ের সরণিতে ফিরতে চাইবেন কোচ প্যানাজিওটিস ডিমপেরিস।
ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি দিল্লি
অন্যদিকে, নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামবে স্পোর্টিং ক্লাব দিল্লি। মরশুমের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ২-৩ গোলে হারলেও লড়াই করার মানসিকতা দেখিয়েছে দিল্লি।তাই এই দলকে কোনওভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই মোহনবাগানের সামনে। দিল্লির তরুণ ও গতিশীল ফুটবলাররা দ্রুত আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করতে পারে। মাঝমাঠে বলের দখল ধরে রেখে সুযোগ তৈরি করা এবং কাউন্টার অ্যাটাকে আঘাত হানাই হতে পারে তাদের অন্যতম অস্ত্র। ফলে শুরু থেকেই সতর্ক থাকতে হবে মোহনবাগান রক্ষণকে।
আরও খবর

মরশুমের প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে তিন পয়েন্ট তুলে নেওয়াই মোহনবাগানের প্রধান লক্ষ্য। অন্যদিকে, ঘরের মাঠে সমর্থকদের সামনে প্রথম জয় তুলে নিতে চাইবে স্পোর্টিং ক্লাব দিল্লিও। ফলে দুই দলের কাছেই ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এখন দেখার, প্রথম ম্যাচের ভুল শুধরে দিল্লির বিরুদ্ধে জয়ের হাসি হাসতে পারে কি না প্যানাজিওটিস দিলম্পেরিসের ছেলেরা। নাকি ঘরের মাঠে মোহনবাগানের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চমক দেখাবে স্পোর্টিং ক্লাব দিল্লি?


