Bengal Liberty : সদ্যমাত্র শুভেন্দু অধিকারীর রেকর্ড ভেঙে বিপুল ভোটে জয়ী হয়েছেন হাসিরানী রথ। ভবানীপুরবাসী একবাক্যে আপন করে নিয়েছেন তাঁকে। তবে এত আনন্দের মাঝেও থেকে থেকেই চোখ ভিজে উঠছে ভবানীপুর উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানীর। এবারের পুজোটা তাঁর কাছে একেবারেই অন্যরকম, কারণ এবার তিনি এক সন্তানহারা জননী। তবে ছোট ছেলে চন্দ্রনাথ রথকে হারিয়ে সারা ভবানীপুরের জননী হয়ে উঠেছেন তিনি। বেদনার মাঝেও মুখে মমতামাখা হাসি নিয়েই পুজো উদ্বোধন করছেন তিনি। দুর্গা মা কৈলাস ছেড়ে মর্ত্যে আসার চার দিনের মাথায় নারানদাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর উদ্বোধন করলেন তিনি।

পূর্ব মেদিনীপুরের পায়রাচালি গ্রামের নারানদাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এবার ৪২তম বর্ষে পদার্পণ করেছে। এই বছরেই তাঁরা মায়ের মণ্ডপের উদ্বোধন করালেন আরেক মাকে দিয়ে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হাসিরানী রথ মণ্ডপ উদ্বোধনের পাশাপাশি বস্ত্র বিতরণও করেন। সানন্দে প্রত্যেকের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি। ফিতে কেটে ও মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর শুভ সূচনা করেন হাসিরানী। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানের মাধুর্য আরও বেড়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা। তাঁরা বলেন, “সন্তান হারানোর দুঃখ হয়তো মুছতে পারব না, তবে আমরা সকলে ওঁর পাশে থাকব।”


