Bengal Liberty: দীর্ঘদিন জেলবন্দি, অথচ বিচারপ্রক্রিয়া এগিয়েছে অত্যন্ত ধীরগতিতে। ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র সাত জনের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই আর্থিক দুর্নীতির মামলায় আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। একই সঙ্গে সন্দীপের জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা-ও বাতিল করেছে শীর্ষ আদালত।
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। শুক্রবার মামলার শুনানিতে দীর্ঘদিন বন্দিদশা এবং বিচারপ্রক্রিয়ার অগ্রগতির বিষয়টি উঠে আসে। আদালত জানায়, ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র সাত জনের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে। বিচার শেষ হতে আরও কতটা সময় লাগতে পারে, সেই বিষয়টিও বিবেচনায় রেখেই জামিন মঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনার টেন্ডারে কারচুপি এবং ঘনিষ্ঠদের বরাত পাইয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। হাসপাতালের ডেপুটি সুপারের অভিযোগের ভিত্তিতেও তদন্ত শুরু হয়। সেই আর্থিক দুর্নীতির মামলাতেই দীর্ঘদিন ধরে জেলবন্দি ছিলেন সন্দীপ ঘোষ।
আরও খবর
শীর্ষ আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তি পেলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তবে জামিন পাওয়া মানেই মামলা থেকে অব্যাহতি নয়। আর্থিক দুর্নীতির মামলায় পরবর্তী বিচারপ্রক্রিয়া কীভাবে এগোয়, এখন সেদিকেই নজর থাকবে।


