Bengal Liberty : পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক আইনি ধাক্কা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর। কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। তবে দুর্গাপুজোর আগে তাঁর মামলার শুনানি হচ্ছে না। পুজোর ছুটির পর সুপ্রিম কোর্ট খুললে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর।
তদন্তের বর্তমান পরিস্থিতিতে জামিন নয়
পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু গত ১৩ অক্টোবর তাঁর আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রায়ে স্পষ্ট জানান, তদন্তের বর্তমান পরিস্থিতিতে সুজিত বসুকে জামিন দেওয়া সম্ভব নয়। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন প্রাক্তন মন্ত্রী। দ্রুত শুনানির আর্জি জানালেও পুজোর আগে স্বস্তি মিলছে না তাঁর। ফলে আপাতত সুপ্রিম কোর্টের শুনানির দিকেই তাকিয়ে থাকতে হবে সুজিত বসুকে।
পুর নিয়োগ দুর্নীতি থেকে আর্থিক অনিয়মের অভিযোগ
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। তদন্তের সূত্র ধরে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালিয়েছেন ইডির আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতির পাশাপাশি আর্থিক অনিয়ম এবং তাঁর ছেলের রেস্তরাঁকে কেন্দ্র করেও একাধিক বেআইনি কাজের অভিযোগ উঠেছে। গত ১২ মে গ্রেফতার হন সুজিত বসু। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। প্রাক্তন দমকলমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত যত এগিয়েছে, ততই বেড়েছে আইনি জটিলতা। জামিনের আবেদন বারবার খারিজ হওয়ায় আপাতত জেলমুক্তির সম্ভাবনা অনিশ্চিত। অপরদিকে প্রতি বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর প্রস্তুতি থেকে আয়োজন-সব ক্ষেত্রেই সুজিত বসুর সক্রিয় ভূমিকা নজর কাড়ত। কিন্তু এ বার পুজোর মরশুমেও জেলবন্দি থাকতে হচ্ছে তাঁকে। সুপ্রিম নির্দেশে পর বলাই বাহুল্য, শ্রীভূমির পুজো নিয়ে পরিচিত ব্যস্ততা থেকে দূরেই কাটবে প্রাক্তন মন্ত্রীর এবারের উৎসব।


