Bengal Liberty : দুর্গাপুজোর আনন্দের মাঝেই বিষাদের ছায়া পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। ঠাকুর দেখতে বেরিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। মেচেদার শান্তিপুর এলাকায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উৎসবের মরসুমে একসঙ্গে তিনজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল বাইক ও স্কুটি
স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজোয় ঠাকুর দেখতে সকলেই। সেই সময় মেচেদার শান্তিপুর এলাকায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাইক ও স্কুটিটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত তিনজনকে উদ্ধার করে মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
দুর্ঘটনার কারণ
দুর্ঘটনায় মৃত তিনজনের মধ্যে একজনের বাড়ি কোলাঘাট থানার রামচন্দ্রপুর এলাকায়। বাকি দু’জন নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাইক ও স্কুটির কোনও আরোহীর মাথাতেই হেলমেট ছিল না। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক। ব্যাহত হয় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেয়। পুজোর রাতে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তিনটি প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।


